নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৫৪২ বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে উবার ড্রাইভারকে গুলি করে হত্যা করা হয়েছে। গাড়ির ভেতর মাথায় গুলিবিদ্ধ অবস্থায় চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাটিকে ২০২৬ সালের নিউইয়র্ক সিটির প্রথম হত্যাকাণ্ড।
নিহত ব্যক্তির নাম ইসা ইসাক, বয়স ৫৫ বছর। তিনি একজন আফ্রিকান অভিবাসী এবং পেশায় উবার চালক ছিলেন। বৃহস্পতিবার সকাল ৭টার ঠিক আগে, ব্রঙ্কসের মাউন্ট হোপ এলাকার মরিস অ্যাভিনিউতে তার নীল রঙের টয়োটা রেভ—৪ গাড়ির ভেতরে মাথায় একাধিক গুলিবিদ্ধ অবস্থায় তাকে পাওয়া যায়।
ঘটনার সময় নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট একটি গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তখনই তারা গাড়ির ভেতরে ইসা ইসাকের নিথর দেহ দেখতে পায়।
নিউইয়র্ক স্টেট ফেডারেশন অব ট্যাক্সি ড্রাইভার্সের সভাপতি ফার্নান্দো মাতেও জানান, হত্যাকাণ্ডের কিছুক্ষণ আগে ইসাক কারও সঙ্গে ফোনে কথা বলছিলেন।
তিনি বলেন, “ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটে তাকে হত্যা করা হয়। তিনি যাকে ফোনে কথা বলছিলেন, সেই ব্যক্তি তখন মসজিদে যাচ্ছিলেন। ইসাক তাকে বলেছিলেন, ‘আমি পরে কথা বলবো, এখন মসজিদে ঢুকছি।’ এর পর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।”
ঘটনাস্থলের অন্ধকার ও তুষারপাতের মধ্যে ধারণ করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইসাক তার গাড়িটি রিভার্সে নেওয়ার সময় এক ব্যক্তি হঠাৎ করে চালকের পাশের জানালায় এসে জানালা ভাঙার চেষ্টা করে। এরপর ইসাক দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। ভিডিওতে আরও দেখা যায়, দুজন ব্যক্তি তার গাড়ির পেছনে দৌড়ে ধাওয়া করে।
![]()
পুলিশ ও তদন্তকারীদের ধারণা, ইসাক তার ১২ ঘণ্টার রাতের শিফট শেষ করে বাড়ি ফিরছিলেন। ওই দিনটি তার জন্য আর্থিকভাবে ভালো দিন ছিল এবং তিনি ঘটনাস্থলের কাছেই থাকতেন।
ঘটনার কিছুক্ষণ আগে তিনি একটি সামান্য গাড়ি দুর্ঘটনায় জড়িয়ে পড়েন। সেই দুর্ঘটনাকে কেন্দ্র করেই এই ভয়াবহ ঘটনা ঘটে।
ফার্নান্দো মাতেও বলেন, “এটা ছিল খুবই ছোট একটি ঝগড়া। ইসাকের দিক থেকে কোনো উত্তেজনা ছিল না। কিন্তু অপর দুই ব্যক্তি তাকে ধাওয়া করে, গাড়ি থেকে নামানোর চেষ্টা করে। তিনি নামতে অস্বীকৃতি জানালে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন। তখন তারা গাড়ির জানালা দিয়ে গুলি ছোড়ে। দুটি গুলি তার মাথায় লাগে।”
ইসা ইসাক গত ৫ বছর ধরে উবার চালক হিসেবে কাজ করছিলেন। এর আগে তিনি নিজের ট্যাক্সি মেডেলিয়ন বিক্রি করে একটি বাড়ি কিনেছিলেন। তার পরিবারের বহু সদস্যও লিভারি ও ট্যাক্সি চালক। ঘটনার পর শোকার্ত স্বজনরা বৃহস্পতিবার বিকেলে নিউইয়র্ক স্টেট ফেডারেশন অব ট্যাক্সি ড্রাইভার্সের সদর দপ্তরে জড়ো হন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে। এদিকে, লিভারি চালকদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন হত্যাকারীদের সম্পর্কে তথ্য দিলে ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে। পুলিশ জানায়, তদন্ত চলছে এবং যেকোনো তথ্য থাকলে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। (সূত্র-এবিসি নিউজ ও আওয়াজ বিডি)|