রাজনীতি ডেস্ক | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ৪২ বার পঠিত | পড়ুন মিনিটে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। কারণ, গণভোট হচ্ছে সনদ ও সংস্কারের ওপর। আর নির্বাচন হবে রাষ্ট্রক্ষমতার জন্য। দুটির চরিত্রই ভিন্ন। কোনো কারণে জাতীয় নির্বাচন সঠিক সময়ে নাও হতে পারে— আশা করি সঠিক সময়ে ইনশাআল্লাহ হবে, তখনও জুলাই সনদ তো পাস করতে হবে।’
বুধবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা এবং প্রাক-নির্বাচন মূল্যায়ণ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন ডা. তাহের।
জামায়াত নায়েবে আমির দলের অবস্থান তুলে ধরে বলেন, গণভোটের সঙ্গে কিছু সিদ্ধান্ত জড়িত, যেমন পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচন। সুতরাং উচ্চকক্ষের নির্বাচন যদি হতে হয়, তাহলে মানুষকে আগেই জানতে হবে। একই দিনে নির্বাচন ও গণভোট হলে, মানুষ তো জানবে না, উচ্চকক্ষ হচ্ছে, নাকি হচ্ছে না। কোনো কিছু না জেনে ভোট দেবে কী করে? নির্বাচনের পর উচ্চকক্ষের চিন্তা তো জন্মের আগেই নাম রাখা, ছেলে না মেয়ে না জেনে।
কমনওয়েলথ ইলেকটোরাল সাপোর্টের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে নির্বাচনী কেন্দ্রে সশস্ত্র বাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসারসহ সব বাহিনীকে মোতায়নের কথা বলেছেন বলে জানিয়েছেন ডা. তাহের। পৃথক দিনে গণভোটে অংশ নিতে ভোটাররা আসবে কি না- প্রশ্নে, তিনি বলেন, দলগুলোই তো ভোটার আনবে। সুতরাং ভোটারের আকাল হবে না।
তাহের বলেন, জামায়াত নির্বাচন কমিশনকে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছে। অনেকে এই দাবির বিরোধিতা করেছেন, তাদের নিয়তের ব্যাপারে আল্লাহই ভালো জানেন।
জাতীয় নির্বাচনে কমনওয়েলথসহ বিদেশি যেকোনো পর্যবেক্ষককে স্বাগত জানাবে জামায়াত; তা জানিয়ে ডা. তাহের বলেন, তারা জানতে চেয়েছিলেন, আসন্ন নির্বাচনের পরিবেশ কেমন আছে দেশে? নির্বাচন কমিশন এবং সরকারের প্রস্তুতি কেমন? জামায়াত নির্বাচনের পরিবেশকে কীভাবে দেখছে? সংকট অনুভব করছে কিনা? এসব নিয়ে আলোচনা করেছে।’
বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ ছিলেন। ইলেকটোরাল সাপোর্ট প্রতিনিধি দলের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে ছিলেন ড. দিনুষা পণ্ডিতরত্ন, ন্যান্সি কানিয়াগো, সার্থক রায়, ম্যাডোনা লিঞ্চ।