রাজনীতি ডেস্ক | বুধবার, ১৬ জুলাই ২০২৫ | প্রিন্ট | ১৬৪ বার পঠিত | পড়ুন মিনিটে
গত বছরের ১৬ জুলাই ‘চলে আসুন ষোলশহরে’ সামাজিক যোগাযোগমমাধ্যম ফেসবুকে এমন আহ্বান জানিয়ে আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন কক্সবাজারের ছাত্রদলের নেতা ওয়াসিম আকরাম। সাহসী এ ছাত্রনেতার প্রথম শাহাদাৎবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ বুধবার শহীদ ওয়াসিম আকরামের বাড়ি কক্সবাজার পেকুয়ায় যান ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মুহাম্মদ ইয়াহিয়া, সহ-সভাপতি আরিফুর ইসলাম, কাজী জিয়া উদ্দীন বাসেত, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বায়জিদ হোসাইন, মাসুম বিল্লাহ ও রাজু আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদল ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা। তারা শহীদ ওয়াসিমের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে তাঁর কবর জিয়ারত করেন।
এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ওয়াসিম আকরামের ‘চলে আসুন ষোলশহরে’ এ আহ্বান কেবল কোটা সংস্কার আন্দোলনের জন্য ছিল না। তাঁর ডাক ছিল অবৈধ শাসনের অবসান ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের গণআন্দোলনের ধারাবাহিকতায় সেই ডাকে সাড়া দিয়ে তিনি শহীদ হন।
তিনি আরও বলেন, দুঃখজনক হলেও সত্য, জুলাই ও আগস্ট মাসে শহীদ হওয়াদের মধ্যে শহীদ আবু সাঈদ ও মুগ্ধর নাম পাঠ্যপুস্তকে স্থান পেলেও শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে ওয়াসিমের নাম এখনও অন্তর্ভুক্ত হয়নি। যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য ওয়াসিম জীবন দিয়েছেন, সেই বৈষম্য এখনও রয়ে গেছে।
এদিকে আজ বিকেল তিনটায় চট্টগ্রাম ২ নাম্বার গেটস্থ বিপ্লব উদ্যানের দক্ষিণ পাশে শপিং কমপ্লেক্স এর সামনে শহীদ ওয়াসিমসহ সকল শহীদের স্বরণে স্মরণসভার আয়োজন করা হয়েছে।