ডেস্ক রিপোর্ট | রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৬ বার পঠিত | পড়ুন মিনিটে
আন্তর্জাতিক বিরতি শেষে মাঠে ফিরছে বার্সেলোনা। লা লিগার ১৩তম রাউন্ডে ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের প্রচলিত স্কোয়াড ঘোষণার রীতিতে পরিবর্তন এনেছে কাতালান ক্লাবটি। এবার ম্যাচডে স্কোয়াডের তালিকা প্রকাশ না করে সরাসরি মূল একাদশ ঘোষণা করবে তারা।
রবিবার (২২ নভেম্বর) ভিলারিয়ালের বিপক্ষে মাঠে নামবে হ্যান্সি ফ্লিকের দল। শীর্ষস্থান ধরে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প দেখছে না বার্সেলোনা। এরই মধ্যে সেল্তার বিপক্ষে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় কাতালানদের ওপর চাপ বাড়িয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
সাধারণত ম্যাচের দিন সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচডে স্কোয়াড প্রকাশ করে বার্সেলোনা। তবে এবার সেই রীতি থেকে সরে আসছে ক্লাবটি। স্থানীয় সময় দুপুরে ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় আলাদা করে স্কোয়াড তালিকা প্রকাশ না করে সরাসরি শুরুর একাদশ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
বার্সেলোনা বিষয়ক বিশ্বস্ত সংবাদকর্মী আশরাফ বেন আয়াদ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। তার মতে, ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচের জন্য ডাক পাওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করবে না ক্লাবটি। বরং সরাসরি মূল একাদশ প্রকাশ করা হবে।
একাদশ ঘোষণার মধ্য দিয়েই চোট কাটিয়ে কয়েকজন খেলোয়াড়ের মাঠে ফেরার বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচে ফিরতে পারেন মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং ও ফরোয়ার্ড রাফিনিয়া।
তবে এই ম্যাচে ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনকে পাচ্ছে না বার্সেলোনা। চলতি সপ্তাহে অনুশীলনে নতুন করে চোট পাওয়ায় ভিলারিয়ালের বিপক্ষে মাঠের বাইরে থাকতে হচ্ছে ডেনিশ এই ডিফেন্ডারকে।