জেলা প্রতিনিধি | শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৮ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে মিলেছে রেকর্ড ৫১ বস্তা টাকা। দীর্ঘ চার মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় মসজিদটির ১৫টি লোহার দানবাক্স খোলা হয়। বিপুল পরিমাণ এসব টাকা গণনায় অংশ নিয়েছেন পাঁচ শতাধিক মানুষ।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় টাকা গণনার কার্যক্রম শুরু হয়। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ পাঁচ শতাধিক ব্যক্তি গণনায় অংশ নেন।
সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হলেও এবার বিভিন্ন কারণে নির্ধারিত সময়ের চেয়ে বেশি বিরতি দিয়ে সেগুলো খোলা হয়েছে। দীর্ঘ সময়ের ব্যবধানে বিপুল পরিমাণ দান জমা হওয়ার সম্ভাবনা বিবেচনায় এবার নতুন করে আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়।
এর আগে চলতি বছরের ২৭ জুন ১৮২ দিন পর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। সেদিন দানবাক্স থেকে পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়।
শনিবার সকালে দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।