জেলা প্রতিনিধি | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৪ বার পঠিত | পড়ুন মিনিটে
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় ঘোষণার পরদিন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে গেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের দুর্ভোগ, অধিকার ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষার কথা শোনার কথা রয়েছে তার।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এ সময় রোহিঙ্গারা তাকে স্বাগত জানান।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সফরের তথ্য জানানো হয়। বাংলাদেশ সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করছেন। এর আগে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন খলিলুর রহমান।
এমন এক তাৎপর্যপূর্ণ সময়ে তার এ সফর অনুষ্ঠিত হচ্ছে, যখন গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলায় ঐতিহাসিক রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৯ সালে গণহত্যা সনদের আওতায় গাম্বিয়ার দায়ের করা মামলাটি আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা সংকটের বিচার ও জবাবদিহির প্রশ্নকে সামনে নিয়ে আসে।
আইসিজের রায়ের পর রোহিঙ্গাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তাদের কাছে এ রায় কেবল আইনি স্বীকৃতি কিংবা ন্যায়বিচারের বিষয় নয়, বরং নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার দীর্ঘ প্রতীক্ষার সঙ্গে জড়িয়ে রয়েছে। তারা আশা করছেন, আদালতের সিদ্ধান্ত মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াবে এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরি করবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সফরকে স্বাগত জানিয়ে কিন মং বলেন, “আমরা খলিলুর রহমানকে রোহিঙ্গা শিবিরে স্বাগত জানাই। তিনি আগে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। আমরা আশা করি, এবার জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি রোহিঙ্গাদের দুর্ভোগ, মানবিক সংকট ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষার কথা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও জোরালোভাবে তুলে ধরবেন।”
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের নিজেদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে।