নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ০ বার পঠিত | পড়ুন মিনিটে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি থানায় রয়েছেন।
নুরুল ইসলাম নাহিদের রাজনৈতিক জীবনের সূচনা ষাটের দশকের শুরুতে। তৎকালীন আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। ছয় দফা ও ১১ দফার ভিত্তিতে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানসহ ওই সময়ের বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন নুরুল ইসলাম নাহিদ। এরপর ২০০৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান তিনি।
পরবর্তী সময়ে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও সিলেট-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নাহিদ।
তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন পর রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করল পুলিশ।