জেলা প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১ বার পঠিত | পড়ুন মিনিটে
এক দিনের সরকারি সফরে লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করেন তিনি। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে জেলাজুড়ে রয়েছে নানা আয়োজন।
এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, লালমনিরহাটে পৌঁছেই অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন সরকারপ্রধান।
পরে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নকে গুরুত্ব দিয়ে সাজানো এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।