নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ০ বার পঠিত | পড়ুন মিনিটে
গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসের ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ভুরুলিয়া এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের ভেতরে এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোহাম্মদ রাজা মিয়া জানান, অভিযোগ কেন্দ্রের ভেতরে পুরোনো কাঠের স্তূপে আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি জানান, আগুনে পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের ঘটনায় কারা জড়িত, তা তদন্তের পর জানা যাবে।