ডেস্ক রিপোর্ট | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩১ বার পঠিত | পড়ুন মিনিটে
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভোতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। প্রাথমিকভাবে বিমানটি রুশ সামরিক বাহিনীর এএন-১২ (An-12) মডেলের বলে শনাক্ত করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) কেমেরোভোর আঞ্চলিক রাজধানীর দক্ষিণে ইয়াগুনোভো গ্রামের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য কাস্পিয়ান পোস্ট।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে আগুন ধরে যায়। এরপর সেটি দ্রুত নিচের দিকে নামতে শুরু করে এবং একপর্যায়ে মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।
কেমেরোভোর গভর্নর ইলিয়া সেরেদিউক সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইয়াগুনোভো এলাকায় বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে জরুরি সেবা সংস্থার কর্মীরা উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন।
গভর্নর আরও জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আঞ্চলিক প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পরবর্তী এক ভিডিও বার্তায় তিনি বলেন, দুর্ঘটনার আগে বিমানটি কেমেরোভো অঞ্চলের আকাশসীমা দিয়ে উড়ে যাচ্ছিল।
এদিকে, ভয়াবহ এ দুর্ঘটনার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।