শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

১০০ গোল ছুঁয়েও তৃপ্ত নন এমবাপ্পে, তাঁর কাছে বড় রিয়ালের জয়

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১০০ গোল ছুঁয়েও তৃপ্ত নন এমবাপ্পে, তাঁর কাছে বড় রিয়ালের জয়

এল ক্লাসিকোয় বার্সেলোনাকে হারিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে ব্যক্তিগত অর্জন নিয়ে মাতামাতি নয়, ফরাসি তারকার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের জয়। তাঁর মতে, ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলীয় অর্জনই বড়।

রোববার রাতে বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে স্বাগতিকদের ২-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। দলের জয়ে জোড়া গোল করেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে রাফিনিয়া বার্সেলোনাকে সমতায় ফেরালেও ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেন তিনি।

এই জয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান তিনে নামিয়ে এনেছে রিয়াল।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টিভিকে এমবাপ্পে বলেন, ‘আমি খুব খুশি। সবাই জানে, আমি গোল করতে ভালোবাসি। গোল করে দলকে সাহায্য করতেও ভালো লাগে। তবে আজ এটি কেবল একটি ছোট বিষয়। কারণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের জয়।’

দলের সম্মিলিত পারফরম্যান্সের প্রশংসা করে এমবাপ্পে বলেন, ‘আজকের ম্যাচের আসল তারকা পুরো দল। আমরা জানতাম, বড় একটি ম্যাচ খেলতে হবে এবং দল হিসেবে খেলতে হবে। শেষ পর্যন্ত দারুণ একটি ম্যাচ হয়েছে। এই জয়ে আমরা মাত্র তিন পয়েন্ট পেয়েছি। লা লিগা জিততে হলে আমাদের আরও অনেক পয়েন্ট সংগ্রহ করতে হবে।’

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের শুরুতে কিছুটা ছন্দহীন থাকলেও ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দলটি। তবে টানা জয়ে আত্মতুষ্টিতে ভুগতে চান না এমবাপ্পে। বরং প্রতিটি ম্যাচেই জয় তুলে নেওয়ার লক্ষ্য তাঁর।

এমবাপ্পে বলেন, ‘এতে বিশেষ কিছু প্রমাণ হয় না। আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। পাঁচটি জয় আমাদের কাছে কিছুই নয়। আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই।’

এল ক্লাসিকোর জয় আত্মবিশ্বাস বাড়ালেও মৌসুমের লড়াই এখনো শেষ হয়নি বলে মনে করেন এই ফরাসি ফরোয়ার্ড। আগামী ম্যাচগুলোতেও একই তীব্রতা ধরে রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আজকের জয় ভালো একটি বার্তা দিয়েছে। কিন্তু আমরা ভাবতে পারি না যে মৌসুম শেষ হয়ে গেছে। আগামী সপ্তাহে রেসিং সান্তান্দারের বিপক্ষেও একই তীব্রতা নিয়ে খেলতে হবে।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম