ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩২ বার পঠিত | পড়ুন মিনিটে
চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বৈঠক হবে কি না, তা চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমাদের সঙ্গে কিম জং উন যোগ দিতে পারেন। তিনি আসতেও পারেন। তবে এ বিষয়ে আমি নিশ্চিত নই। বিষয়টি প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ওপর নির্ভর করছে।’
এ সপ্তাহের শেষ দিকে চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) জোটের নেতাদের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। এ সফরে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনাও রয়েছে তাঁর।
কিম জং উনের সঙ্গে বৈঠকের আগ্রহ ট্রাম্প এর আগেও একাধিকবার প্রকাশ করেছেন। তবে উত্তর কোরিয়া এপেকের সদস্য নয়। সম্মেলনে কিমের অংশগ্রহণের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানিয়েছেন, এপেক সম্মেলনে কিমের যোগ দেওয়ার বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।
কিমের যাতায়াতের ধরনও এ ধরনের আকস্মিক বৈঠকের ক্ষেত্রে বড় বাধা হতে পারে। তিনি সাধারণত কঠোর নিরাপত্তাবেষ্টিত বিশেষ সাঁজোয়া ট্রেনে ভ্রমণ করেন। ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় প্রায় ৩৭ মাইল। অন্যদিকে উত্তর কোরিয়ার সীমান্ত থেকে চীনের শেনজেনের দূরত্ব এক হাজার মাইলেরও বেশি।
এর আগে ২০১৯ সালে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে কিম জং উন আড়াই দিন ধরে ট্রেনে চীন পাড়ি দিয়েছিলেন।
সূত্র: সিএনএন