শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্নাকে খালাস

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্নাকে খালাস

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে সোমবার দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর একটি বাসায় আট বছরের শিশুটিকে আটকে রেখে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে ছুরি দিয়ে শিশুটির মাথা বিচ্ছিন্ন এবং দুই হাত কাঁধ থেকে অর্ধবিচ্ছিন্ন করা হয়। পরে মরদেহ বাথরুমের একটি বালতিতে রেখে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা।

এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা মামলা করেন। পুলিশ প্রথমে স্বপ্না খাতুনকে গ্রেপ্তার করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয় সোহেল রানাকে। মামলায় সোহেল রানা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ শিশুটির উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত। হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় এ মামলার রায় ঘোষণা করা হয়েছিল।

পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দুই আসামি জেল আপিল করেন। এসব আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখে স্বপ্না খাতুনকে খালাস দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির বাবা পরিবারের সদস্যদের নিয়ে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তিনি বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে সাবলেটে থাকতেন সোহেল রানা ও স্বপ্না খাতুন।

এজাহারে বলা হয়, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশুটি বাসা থেকে বের হয়। এ সময় একই ভবনের এক ভাড়াটে কৌশলে তাকে নিজেদের ফ্ল্যাটে ডেকে নেন। সকাল সাড়ে ১০টার দিকে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে থাকেন তার মা। একপর্যায়ে ওই ফ্ল্যাটের দরজার সামনে মেয়ের জুতা দেখতে পান তিনি।

ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভাঙেন শিশুটির মা। পরে ফ্ল্যাটের ভেতরে সোহেলের শয়নকক্ষের মেঝেতে শিশুটির মস্তকবিহীন মরদেহ এবং বাথরুমের একটি বালতিতে তার বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম