ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে
জার্মানিতে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর। ভিসা আবেদনপ্রক্রিয়া সহজ করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করছে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস। এর ফলে দীর্ঘদিনের অপেক্ষমাণ তালিকায় নাম নিবন্ধন করে অপেক্ষা করতে হবে না শিক্ষার্থীদের। সরাসরি অনলাইনে আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন তারা।
গত ১৫ নভেম্বর জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি থেকে নতুন এ ব্যবস্থা কার্যকর হবে।
নতুন ব্যবস্থায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা জার্মান সরকারের ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ বা ‘আউসলান্ডসপোর্টাল’-এর মাধ্যমে ভিসার আবেদন করতে পারবেন। এ জন্য প্রথমে অনলাইনে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর আবেদনপত্র পূরণ করে বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রমাণপত্র বা অফার লেটার, ব্লক অ্যাকাউন্টের তথ্যসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
জমা দেওয়া কাগজপত্র প্রাথমিকভাবে যাচাই করবে দূতাবাসের সেবাদানকারী প্রতিষ্ঠান ভিএফএস। প্রাথমিক যাচাই শেষে আবেদনকারীদের দূতাবাস বা নির্ধারিত কেন্দ্রে সরাসরি উপস্থিত হতে হবে। সেখানে আঙুলের ছাপ ও ছবি নেওয়া, ভিসা ফি জমা এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
আবেদনের অগ্রগতি জানতেও দূতাবাসে বারবার যোগাযোগ করতে হবে না। অনলাইন পোর্টাল থেকেই আবেদনকারীরা সর্বশেষ অবস্থা জানতে পারবেন। প্রয়োজনে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন করার সুযোগও থাকছে।
দূতাবাস জানিয়েছে, ২০২৬ সালের শেষ নাগাদ আগের ভিসা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকা বাতিল করা হবে। যারা ইতোমধ্যে পুরোনো তালিকায় নাম নিবন্ধন করেছেন, তাদেরও নতুন করে অ্যাকাউন্ট খুলে আবেদন করতে হবে। পুরোনো তালিকায় নিবন্ধন থাকলেই আবেদন স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যবস্থায় স্থানান্তর হবে না।
দূতাবাসের তথ্য অনুযায়ী, শিক্ষার্থী ভিসার আবেদন প্রক্রিয়াকরণে সাধারণত চার সপ্তাহ সময় লাগে। তবে আবেদন দূতাবাসে পৌঁছানোর পর থেকে এ সময় গণনা শুরু হবে। অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় এর অন্তর্ভুক্ত নয়। সাক্ষাৎকারের পর থেকে ভিসা প্রক্রিয়াকরণের সময় হিসাব করা হবে। কাগজপত্র অসম্পূর্ণ থাকলে কিংবা অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হলে সময় আরও বাড়তে পারে।
নতুন ডিজিটাল ব্যবস্থায় আবেদন যাচাইয়ের সক্ষমতা বাড়বে এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমবে বলে আশা করছে জার্মান দূতাবাস। তবে সব আবেদনকারীর ভিসা একই সময়ে প্রক্রিয়াকরণ শেষ হবে, এমন নিশ্চয়তা নেই। প্রতিটি আবেদন আলাদাভাবে যাচাই করা হবে।
জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ জন্য জার্মান সরকারের সরকারি ওয়েবসাইট digital.diplo.de ব্যবহার করতে হবে।
এ বিষয়ে জার্মান একাডেমি ঢাকা ও আইইএলটিএস স্কুল বিডির চেয়ারম্যান শামীম আল মামুন বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। এখন থেকে তারা সহজেই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের অফার লেটার প্রয়োজন হবে। তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করে সতর্কতার সঙ্গে আবেদন করার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যত্রতত্র গড়ে ওঠা এজেন্সি এড়িয়ে চলা উচিত। কারণ, একজন শিক্ষার্থী কোন শহরে এবং কোন বিষয়ে পড়াশোনা করবেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।