নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৮ বার পঠিত | পড়ুন মিনিটে
গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে মহানগরীর ছয়দানা ও হারিকেন এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।
শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের পরিস্থিতি বিবেচনায় গাজীপুর মহানগরীর ১০টি তৈরি পোশাক কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এর ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও শ্রীপুর উপজেলার কয়েকটি এলাকায় বিক্ষোভ করেন তারা।
এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন।
এদিকে মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলেও তারা মহাসড়কে অবস্থান নেননি বলে জানা গেছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শ্রমিক আন্দোলনের কারণে আজ সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।’