জেলা প্রতিনিধি | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩০ বার পঠিত | পড়ুন মিনিটে
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় মো. সিয়াম নামে এক হেলপারের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।
ভাণ্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ এবং ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের বাসে ঘুমিয়ে থাকা ব্যক্তিদের জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। একই সঙ্গে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের পর ‘বাহক’ নামের বাসটির ভেতর থেকে হেলপার সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেন।
এদিকে, একই রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে থাকা চারটি দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দোকানগুলো পুড়ে গেছে।
দুটি স্থানে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এবং জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।