ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৮ বার পঠিত | পড়ুন মিনিটে
বিশ্বের তিন পরাশক্তির নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার চীনের শেনজেনে নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকে বসেছেন। যুদ্ধ, অর্থনীতি, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) বৈশ্বিক নানা ইস্যুতে আলোচনা হলেও বৈঠক থেকে বড় কোনো চুক্তির প্রত্যাশা ছিল না। শেষ পর্যন্ত সুনির্দিষ্ট কোনো কূটনৈতিক সাফল্যের চেয়ে তিন নেতার একই টেবিলে বসাটাই বৈঠকের বড় অর্জন হয়ে উঠেছে।
শেনজেনের উপকণ্ঠে কাইলিন ভিলার রাষ্ট্রীয় অতিথিশালায় গোলটেবিল বৈঠকে বসেন তিন নেতা। বৈঠকের শুরুতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ইতিহাস বলে, বৃহৎ শক্তিগুলো শান্তিতে থাকলে বিশ্ব নিরাপদ থাকে, আর তারা সংঘাতে জড়িয়ে পড়লে বিশ্ব বিশৃঙ্খলায় ডুবে যায়।
এই বৈঠক তিন নেতার জন্যই নিজেদের রাজনৈতিক অবস্থান ও আন্তর্জাতিক প্রভাব তুলে ধরার সুযোগ তৈরি করেছে। ইউক্রেনে হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে নানা চাপের মুখে থাকা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য এটি ছিল বিশ্বপরিসরে নিজের অবস্থান পুনরায় দৃশ্যমান করার গুরুত্বপূর্ণ মঞ্চ। বৈঠক-পরবর্তী যৌথ বিবৃতিতে রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির বিষয়টিকে মৌলিক গুরুত্ব দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) যুদ্ধাপরাধের পরোয়ানার মুখে থাকা পুতিনের জন্য তাৎপর্যপূর্ণ।
অন্যদিকে, অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের মধ্যেও শি জিনপিং চীনকে বৈশ্বিক কূটনীতির গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠার সুযোগ পেয়েছেন। আর নিজ দেশের রাজনৈতিক চাপের মুখে থাকা ডোনাল্ড ট্রাম্পও শি ও পুতিনের সঙ্গে বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে নিজের সক্রিয় অবস্থান তুলে ধরতে চেয়েছেন।
বৈঠকের শুরুতে সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, পারস্পরিক যোগাযোগ ও আলোচনার সুযোগ প্রত্যাখ্যান করে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যায়নি। তারা ভিন্ন পথ বেছে নিয়েছেন। এখন দেখার বিষয়, এই উদ্যোগ থেকে কোনো ফল পাওয়া যায় কি না।
বৈঠকের লক্ষ্য কী ছিল?
বৃহস্পতিবারের ৮১ মিনিটের বৈঠক ইতিহাসের মোড় ঘোরানো ঘটনা হিসেবে স্মরণীয় হবে, নাকি নিছক ফটোসেশন হিসেবে থেকে যাবে, তা এখনো স্পষ্ট নয়। যুদ্ধ, অর্থনীতি ও অত্যাধুনিক প্রযুক্তির মতো জটিল বিষয়ে তিন দেশের মধ্যকার বিশাল মতপার্থক্য দূর করার জন্য এই সময় যথেষ্ট ছিল না।
মূলত ইউক্রেনের কোনো প্রতিনিধি ছাড়াই ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার লক্ষ্যে পুতিন এই শীর্ষ সম্মেলনের প্রস্তাব দিয়েছিলেন। বিষয়টি কিয়েভে উদ্বেগ সৃষ্টি করে এবং ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের স্মৃতি সামনে নিয়ে আসে। ওই সম্মেলনে বিশ্বশক্তিগুলো যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা ও প্রভাববলয় নিয়ে আলোচনা করেছিল। উদ্বোধনী বক্তব্যে শি ও পুতিন উভয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা গঠনের প্রসঙ্গ তুলে ধরেন।
শুরুতে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, ইউক্রেন প্রসঙ্গ আলোচ্যসূচিতে থাকবে না। তবে পরে ট্রাম্প জানান, তিনি বিষয়টি আলোচনায় তুলবেন। বৈঠকের শুরুতে তিনি বলেন, পরিস্থিতিতে পরিবর্তনের কিছু লক্ষণ দেখা যাচ্ছে। তিনি আশা করেন, পুতিনসহ সংশ্লিষ্ট পক্ষগুলোও যুদ্ধের অবসান চাইবে।
তবে ট্রাম্পের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল বিশ্বের বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা। মস্কো ও বেইজিংয়ের সঙ্গে নতুন পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি করতে চান তিনি। যদিও এর জটিলতা স্বীকার করে ট্রাম্প বলেন, পারমাণবিক অস্ত্র একবার হাতে এলে তা পরিত্যাগ করা খুব কঠিন।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় অনেক ছোট পারমাণবিক অস্ত্রভাণ্ডারের অধিকারী চীন অবশ্য এমন কোনো চুক্তিতে আগ্রহী নয়। মার্কিন কর্মকর্তাদের মতে, নিজের এপেক সম্মেলনের গুরুত্ব ম্লান হয়ে যাওয়ার আশঙ্কায় শি শুরুতে এই ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন নিয়ে কিছুটা অনাগ্রহী ছিলেন।
বৈঠকের কয়েক ঘণ্টা আগে দুই নেতার সঙ্গে একত্রে বসার সুবিধা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, তারা দুজনেই তাকে পছন্দ করেন। তবে তার পরে কী হবে, তা তিনি বলতে পারবেন না।
সম্পর্ক উন্নয়নের চেষ্টা, কিন্তু দূরত্ব এখনো রয়ে গেছে
শেনজেনের টাইগার সাফারি পার্কের পাশে কাইলিন ভিলায় তিন নেতা সমান দূরত্বে গোলটেবিলে বসেন। মাঝখানে ছিলেন শি জিনপিং। ট্রাম্প গর্বের সঙ্গে বলেন, তারা সত্যিই ইতিহাস তৈরি করছেন। তিন নেতার আলোচনার জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।
গত দুই বছর ধরে ব্যক্তিগত সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ভূরাজনৈতিক জটিলতা সহজ করার আশায় শি ও পুতিনকে কাছে টানার চেষ্টা করেছেন ট্রাম্প। পৃথক বৈঠকে দুজনকেই বন্ধু বলে অভিহিত করেছেন তিনি। শি জিনপিংকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, যতদিন তারা দুজন দায়িত্বে থাকবেন, ততদিন তাদের মধ্যে কোনো সমস্যা হবে না বলে তিনি মনে করেন।
তবে ব্যক্তিগত সৌহার্দ্য এখনো বড় কোনো রাজনৈতিক সাফল্যে রূপ নেয়নি। গত বছর আলাস্কায় শীর্ষ সম্মেলনের পরও পুতিনের সঙ্গে সম্পর্ক ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা রাখতে পারেনি বলে অভিযোগ করেছেন ট্রাম্প। বাণিজ্য ও বিরল খনিজ সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র-চীন বিরোধও কাটেনি। একই সময়ে চীন ও রাশিয়া উভয়ই ইরানকে সহযোগিতা ও প্রযুক্তি দিয়ে যাচ্ছে।
পাঁচ বছর আগে সীমাহীন অংশীদারত্বের ঘোষণা দেওয়া শি ও পুতিন এরই মধ্যে বহুবার বৈঠক করেছেন। বুধবারের বৈঠকের পর চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম তাদের সম্পর্ককে ঝড়-বৃষ্টির মধ্যেও পাথরের মতো অটল বলে বর্ণনা করেছে। শি ও পুতিন দীর্ঘদিন ধরে মনে করেন, প্রাচ্যের উত্থান এবং পাশ্চাত্যের পতনের মাধ্যমে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য তাদের পক্ষে যাচ্ছে এবং মার্কিন পরাশক্তির একক আধিপত্যের যুগের অবসান ঘটছে। ট্রাম্পের সঙ্গে এই ত্রিপক্ষীয় বৈঠককে তারা সেই দৃষ্টিভঙ্গির ঐতিহাসিক প্রমাণ হিসেবে তুলে ধরতে পারেন।
যুদ্ধ, জ্বালানি ও বিশ্ব অর্থনীতির চাপ
বৈঠকে উপস্থিত তিন নেতার মধ্যে দুজন দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িত। ইরানে ট্রাম্পের যুদ্ধ এবং ইউক্রেনে পুতিনের যুদ্ধ সামরিক সম্পদ ক্ষয় করার পাশাপাশি বিশ্বজুড়ে দ্রব্যমূল্য ও জ্বালানি ব্যয় বাড়িয়ে দিয়েছে। বৈশ্বিক স্থিতিশীলতার স্বার্থে বিষয়টি শি জিনপিংয়ের জন্যও উদ্বেগের কারণ।
তেহরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা শি ও পুতিনের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন ট্রাম্প। তবে মস্কো বা বেইজিংকে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চাপ না দিয়ে বরং ইরান যুদ্ধের কারণে বেড়ে যাওয়া জ্বালানি ব্যয় কমাতে রুশ ডিজেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছেন তিনি। এতে রাশিয়া আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ পেয়েছে।
ইরান সংঘাত নিয়ে ট্রাম্প নিজেও বিরক্ত। শুরুতে ছয় সপ্তাহ স্থায়ী হবে বলে ধারণা করা যুদ্ধটি নিজ দেশে অত্যন্ত অজনপ্রিয় হয়ে উঠেছে। ট্রাম্পের স্বীকারোক্তি অনুযায়ী, এর প্রভাব মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণগুলোর মধ্যে অন্যতম। এখন তিনি নতুন করে ব্যাপক বোমাবর্ষণ শুরু করার সামরিক বিকল্পগুলো বিবেচনা করছেন।
অন্যদিকে, দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ সমাধানের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প, তা ইতিমধ্যে ৬৬৭ দিন পেরিয়ে গেছে।
ইউক্রেন বা ইরানের প্রতিনিধিদের অনুপস্থিতিতে এই বৈঠক শান্তি প্রতিষ্ঠায় কতটা কার্যকর হবে, তা অনিশ্চিত। তবে ট্রাম্প আশাবাদী ছিলেন। শির সঙ্গে বৈঠকের আগে তিনি বলেন, অনেকেই নিশ্চিত ছিলেন না যে আলোচনা থেকে কিছু বের হবে কি না। তবে তিনি মনে করেন, জোরালোভাবেই কিছু একটা ফল পাওয়া যাবে।
এদিকে বার্লিনে জার্মানি, ফ্রান্স, ইউক্রেন ও যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর বৈঠকে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার জানান, ট্রাম্প ফোনে শেনজেন আলোচনার মূল্যায়ন জানিয়েছেন। কুশনার বলেন, ট্রাম্প শান্তির আকাঙ্ক্ষার বিষয়ে শি ও পুতিনকে খুব কড়া বার্তা দিয়েছেন এবং লক্ষ্য অর্জনে তাদের সঙ্গে জোরালোভাবে যুক্ত হতে চান। বিস্তারিত না জানালেও কুশনার জানান, ট্রাম্প শান্তি অর্জনযোগ্য বলে বিশ্বাস নিয়ে ফিরেছেন।
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফও জানান, শেনজেনে ট্রাম্পের বার্তার কেন্দ্রবিন্দুতে ছিল ইউক্রেন এবং এর শান্তিপূর্ণ সমাধান।
কৃত্রিম বুদ্ধিমত্তায় আধিপত্যের লড়াই
শেনজেনে ট্রাম্প পৌঁছানোর আগেই এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্ক এবং এক কথিত চীনা গোয়েন্দা এজেন্টের সংশ্লিষ্টতার অভিযোগ সফরে ছায়া ফেলেছিল। পাশাপাশি যুক্তরাষ্ট্রে এআই প্রযুক্তির কারণে সৃষ্ট পরিষেবা বিভ্রাট নিয়েও প্রশাসনের মধ্যে উদ্বেগ ছিল।
চীনের প্রযুক্তি ও চিপ উৎপাদনের গুরুত্বপূর্ণ কেন্দ্র শেনজেনে দাঁড়িয়ে দ্রুত বিকাশমান এআই শিল্পে যুক্তরাষ্ট্র কীভাবে প্রতিযোগিতা করবে, সেই প্রশ্ন আরও জোরালো হয়ে ওঠে। হুয়াংকে ঘিরে ফাঁস হওয়া তথ্য চীনের কাছে উচ্চক্ষমতাসম্পন্ন এআই চিপ বিক্রি সীমিত করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিভক্তি প্রকাশ করেছে।
বুধবার সন্ধ্যায় নৈশভোজে শির পাশে বসে ট্রাম্প বিষয়টি সংক্ষেপে তুলেছিলেন বলে পরে জানান। চীন সফরের আগে তিনি বলেছিলেন, গুপ্তচরবৃত্তির বিষয়টি নিয়ে বেশি চাপ দিয়ে চীনকে অপমানিত করতে চান না। তার প্রশাসনের অনেকেই কঠোরপন্থী এবং চীনের কাছে উন্নত এআই চিপ বিক্রি বন্ধ করতে চান। তবে ট্রাম্প এআই প্রযুক্তির অগ্রগতিকে দমিয়ে রাখার যেকোনো পদক্ষেপের বিরোধী।
তিনি বলেন, এ প্রযুক্তির অসাধারণ সম্ভাবনাকে ধ্বংস করে এমন কিছু করতে চান না তারা। তবে এশীয় নেতাদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় এআই-এর বিপদ সম্পর্কেও সতর্ক করেন ট্রাম্প। তার মতে, প্রযুক্তিটিকে এগিয়ে নিতে হবে, তবে এর নেতিবাচক দিকগুলো মোকাবিলায় সতর্ক থাকা জরুরি।
কূটনৈতিক শক্তিধর হিসেবে শি জিনপিং
বেইজিং এই শীর্ষ সম্মেলনকে চীনা কূটনীতির বড় সাফল্য হিসেবে দেখবে। চীনের প্রতি ট্রাম্পের প্রশংসা এবং তিনি ও শি ক্ষমতায় থাকাকালীন কখনো কোনো সমস্যা হবে না—এমন আশ্বাস বেইজিংয়ের জন্য স্বস্তিদায়ক। বিশেষ করে মার্কিন আইনপ্রণেতারা চীনের উচ্চপ্রযুক্তি অর্জনের ওপর কঠোর নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছেন।
কংগ্রেসে ক্ষমতার রদবদল এবং ট্রাম্পের মেয়াদের শেষ পর্যায় ঘনিয়ে আসার আগে মার্কিন প্রেসিডেন্টের সদিচ্ছাকে কাজে লাগাতে চেয়েছে বেইজিং। বিমানবন্দরে ট্রাম্পকে শির নজিরবিহীন অভ্যর্থনা এবং উষ্ণ আচরণ সেই পরিকল্পনারই অংশ ছিল।
ত্রিপক্ষীয় বৈঠক থেকে সুনির্দিষ্ট কোনো ফলাফল না আসাটাও বেইজিংয়ের কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। ইউক্রেনের ভাগ্য নির্ধারণে ‘ইয়াল্টা ২.০’-এর মতো কোনো পরিস্থিতি তৈরি হোক, তা শি চাননি বলে বিশ্লেষণে উঠে এসেছে। এমন দৃশ্যপট বিশ্বমঞ্চে বহুপাক্ষিকতাবাদের প্রতি চীনের ঘোষিত নীতির সঙ্গে সাংঘর্ষিক হতো।
এর পরিবর্তে কোনো জটিল প্রতিশ্রুতি ছাড়াই শি নিজেকে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী এবং যুক্তরাষ্ট্রের সমকক্ষ কূটনৈতিক শক্তি হিসেবে তুলে ধরতে পেরেছেন। আগামী বছর চীনের কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ সম্মেলনের আগে এই সাফল্য শি জিনপিংয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে পারে।
সূত্র: সিএনএন