শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তিন বছরের মধ্যে দেশীয় বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তিন বছরের মধ্যে দেশীয় বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে দেশীয় বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ। এ স্যাটেলাইট তৈরিতে কোনো বিদেশি বিজ্ঞানী যুক্ত থাকবেন না; সম্পূর্ণ দেশীয় বিজ্ঞানীদের মাধ্যমেই এটি তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এ যুগে তরুণদের যথাযথ শিক্ষা, গবেষণার সুযোগ এবং আধুনিক ল্যাব সুবিধা দিতে পারলে তারা শুধু এভিয়েশন ও মহাকাশবিজ্ঞান নয়, বৈশ্বিক উদ্ভাবনের প্রতিটি ক্ষেত্রেই সাফল্য অর্জন করতে পারবে। এ জন্য প্রয়োজন কার্যকর ও মেধাভিত্তিক পরিবেশ। সরকার সেই পরিবেশ গড়ে তুলতে কাজ করছে।

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ তুলে ধরে তারেক রহমান বলেন, আগামী বিশ্ব পরিচালিত হবে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে। এ ক্ষেত্রে পিছিয়ে থাকার অর্থ হলো দেশকে পিছিয়ে রাখা। তাই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণ প্রজন্মকে এখন থেকেই প্রস্তুত হতে হবে।

তিনি বলেন, শুধু বিমান চালনা বা পরিচালনায় সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রয়োজনীয় পরিবেশ ও সহযোগিতা পেলে দেশের তরুণরা একদিন মহাকাশও জয় করতে সক্ষম হবে।

দেশীয় স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘ইনশা আল্লাহ আগামী তিন বছরের মধ্যে আমরা নিজের দেশে তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব। একজনও বিদেশি থাকবেন না, প্রত্যেক বিজ্ঞানী হবেন আমাদের দেশের। দেশীয় বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে আমরা আকাশে পাঠাব।’

এভিয়েশন ও অ্যারোস্পেস খাতকে দেশের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ দুটি খাত মানবজাতির জ্ঞান, উদ্ভাবনী শক্তি, সাহস ও সুদূরপ্রসারী স্বপ্নের প্রতিফলন।

প্রধানমন্ত্রী জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে।

তিনি আরও বলেন, এভিয়েশন এখন আর শুধু যাতায়াতের মাধ্যম নয়; আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন, চিকিৎসা, শিক্ষা, কূটনীতি ও অর্থনৈতিক উন্নয়নেরও গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ক্রমবর্ধমান অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং পর্যটনশিল্পের বিকাশ এ খাতের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, তরুণদের সক্ষমতা ও সম্ভাবনা দেখে এভিয়েশন ও অ্যারোস্পেস খাত নিয়ে তাঁর প্রত্যাশা আরও বেড়েছে। প্রয়োজনীয় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের সুযোগ নিশ্চিত করা গেলে এ খাতে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারবে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম