ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩০ বার পঠিত | পড়ুন মিনিটে
মধ্যপ্রাচ্যে ইরান ও দেশটির সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ২৬টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থাপনায় মার্কিন সামরিক সরঞ্জাম ও বিভিন্ন সম্পদ রাখা ছিল। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
এপির বিশ্লেষণ অনুযায়ী, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে এ পর্যন্ত ১১৫টিরও বেশি হামলা হয়েছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি পর্যালোচনা করে হামলার ক্ষয়ক্ষতি ও লক্ষ্যবস্তুর ধরন তুলে ধরেছে সংস্থাটি।
বিশ্লেষণে দেখা গেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই ডজনের বেশি সামরিক ঘাঁটিতে হামলার ক্ষেত্রে ইরানের প্রধান লক্ষ্য ছিল আগাম সতর্কতাব্যবস্থা। এসব ব্যবস্থার পাশাপাশি যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার ও ঘাঁটির বিভিন্ন অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে অন্তত ৩০টি হামলা চালিয়েছে ইরানি বাহিনী। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, এসব হামলায় ঘাঁটির অন্তত ১৫টি বিমান রাখার হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া কয়েকটি গুদাম এবং আবাসিক এলাকার কাছাকাছি অবস্থিত ১০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা পুরোপুরি ধ্বংস হয়েছে বলে এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এপির পর্যবেক্ষণে উঠে এসেছে, ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে। হামলার প্রধান লক্ষ্যবস্তুর মধ্যে ছিল আগাম সতর্কতাব্যবস্থা, সামরিক বিমান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা।
সূত্র: ডন