ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৯ বার পঠিত | পড়ুন মিনিটে
দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের ধাপভিত্তিক পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৫০৮টি উপজেলার এসব ইউনিয়নে পাঁচ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট শুরু হয়ে ২৭ মে শেষ ধাপে নির্বাচনের মধ্য দিয়ে ভোটপর্ব সম্পন্ন হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে।
ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি ইউপি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউপি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনের সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১৬ নভেম্বর কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, কোন ইউনিয়ন পরিষদে কোন ধাপে ভোট হবে, তার পূর্ণাঙ্গ তালিকা বৃহস্পতিবারের মধ্যে ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ইউপি নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করবে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই এ সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন নিয়েও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন করা হবে। নভেম্বরের শেষ ভাগ অথবা ডিসেম্বরের শুরুতে তিন দিন ধরে নিবন্ধনের ক্রমানুসারে দলগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে।
স্থানীয় সরকার নির্বাচন কীভাবে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে বলে জানান তিনি।
কোন ইউনিয়ন পরিষদে কোন ধাপে ভোট হবে, তা জানতে নির্বাচন কমিশনের প্রকাশিত পূর্ণাঙ্গ তালিকা দেখুন।