ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৮ বার পঠিত | পড়ুন মিনিটে
বিশ্বের সবচেয়ে মূল্যবান গোলরক্ষকদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন বার্সেলোনার স্প্যানিশ গোলকিপার জোয়ান গার্সিয়া। তার সম্ভাব্য দলবদল মূল্য ৮ কোটি ৬ লাখ ইউরো। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ম্যানচেস্টার সিটির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা। তৃতীয় স্থানে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের বেলজিয়ান গোলকিপার সেন্নে ল্যামেন্স।
সিআইইএস ফুটবল অবজারভেটরির মূল্যায়নে ২৫ বছর বয়সী জোয়ান গার্সিয়ার সম্ভাব্য ট্রান্সফার ভ্যালু ৮ কোটি ৬ লাখ ইউরো। বার্সেলোনার সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডোনারুম্মার সম্ভাব্য মূল্য ৭ কোটি ৯৯ লাখ ইউরো। ২৭ বছর বয়সী এই গোলরক্ষকের সঙ্গে ম্যানচেস্টার সিটির চুক্তিও ২০৩১ সালের জুন পর্যন্ত।
তৃতীয় অবস্থানে থাকা সেন্নে ল্যামেন্সের সম্ভাব্য দলবদল মূল্য ৬ কোটি ৪২ লাখ ইউরো।
সিআইইএস ফুটবল অবজারভেটরি তাদের নিজস্ব পরিসংখ্যানগত মডেলের মাধ্যমে এই মূল্যায়ন করেছে। পুরোনো ও সাম্প্রতিক বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ ফুটবলারদের সম্ভাব্য দলবদল মূল্য নির্ধারণ করে প্রতিষ্ঠানটি।
গোলরক্ষকদের সম্ভাব্য দলবদল মূল্যের শীর্ষ ১০ তালিকায় সাতজনই খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। বাকি তিনজন হলেন বার্সেলোনার জোয়ান গার্সিয়া, পিএসজির মাতভি সাফোনভ, যিনি তালিকার নবম স্থানে রয়েছেন এবং বায়ার্ন মিউনিখের জোনাস আরবিগ, যিনি দশম অবস্থানে আছেন।
তালিকার ১১তম স্থানে রয়েছেন ইংল্যান্ডের আলোচিত গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড। লিডসের হয়ে খেলা এই গোলকিপারের সম্ভাব্য দলবদল মূল্য ৪ কোটি ৮৯ লাখ ইউরো।
শীর্ষ পাঁচ ইউরোপীয় লিগের বাইরে গোলরক্ষকদের মূল্যায়নেও উঠে এসেছে বেশ কয়েকজন। সিআইইএস প্রতিবেদনের লেখকদের হিসাবে পোর্তোর গোলরক্ষক ডিয়েগো কস্তা রয়েছেন এই তালিকার শীর্ষে। তার পরেই আছেন পিএসভি আইন্দহোভেনের মাতেই কোভার এবং ওয়েস্ট হ্যামের ম্যাডস হারমানসেন।
সেরা ১০০ গোলরক্ষকের তালিকায় সবচেয়ে কম বয়সী লুকা ব্রুঘমান্স। কেআরসি গেঙ্কের ১৮ বছর ৪ মাস বয়সী এই গোলরক্ষকের সম্ভাব্য মূল্য ২ কোটি ৩৮ লাখ ইউরো। তার মালিকানা ইতোমধ্যে লিভারপুলের হাতে রয়েছে।
অনূর্ধ্ব-২১ বয়সী গোলরক্ষকদের মধ্যে সেরা ১০০ তালিকায় আরও রয়েছেন আরবি সালজবুর্গের ক্রিস্তিয়ান জাওইশিৎজকি (১৯ বছর ৫ মাস) এবং ক্রুজেইরোর ওতাভিও (২০ বছর ৯ মাস)।