ডেস্ক রিপোর্ট | রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৩ বার পঠিত | পড়ুন মিনিটে
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি বাহিনীর হামলা ও সামরিক তৎপরতা থামছে না। সর্বশেষ দক্ষিণ গাজার খান ইউনিসে হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে উত্তর গাজায় একটি স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার সকালে দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হন।
গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। খান ইউনিসের পূর্বাঞ্চলে সামরিক যান থেকে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। তবে ওই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ ছাড়া উত্তর গাজায় একটি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজা সিটির উপকূল লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনীর জাহাজ। পাশাপাশি মধ্য গাজায় ইসরায়েলি হেলিকপ্টার থেকেও গুলি চালানোর খবর পাওয়া গেছে।
গত বছর ইসরায়েল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সমর্থনে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও গাজাজুড়ে ইসরায়েলি সামরিক অভিযান ও হামলা অব্যাহত রয়েছে। ধারাবাহিক এসব হামলার কারণে যুদ্ধবিরতির কার্যকারিতা ও স্থায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।