শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৩; নিখোঁজ ৩৬

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৩; নিখোঁজ ৩৬

রয়টার্স ছবি

ইন্দোনেশিয়ার বান্তেন প্রদেশে মিষ্টি ও খাদ্যপণ্য তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ৩৬ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় কারখানাটিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের পর রোববারও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, এ ঘটনায় ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত চারজনকে হাসপাতালে ও স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়েছে।

কারখানাটি বান্তেন প্রদেশের সেরাং জেলায় অবস্থিত, যা রাজধানী জাকার্তা থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

বান্তেন প্রদেশের গভর্নর আন্দ্রা সোনি জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় আগুন লাগার সময় কারখানাটির ভেতরে প্রায় ৬০ জন কর্মী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকারী সংস্থার সদস্যরা জানান, ভবনের ধ্বংসপ্রাপ্ত বিভিন্ন অংশে শ্রমিকরা আটকা পড়ে থাকতে পারেন। এসব এলাকায় তল্লাশি চালানোর পাশাপাশি অগ্নিনির্বাপণকর্মীরা আগুনের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণে কাজ করছেন।

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে যৌথ উদ্ধারকারী দলের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে উদ্ধার অভিযান পরিচালনার ক্ষেত্রে উদ্ধারকর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানাটির মালিক প্রতিষ্ঠান পিটি ফনুসা আগুং মুলিয়া। প্রতিষ্ঠানটি লিংকডইনে নিজেদের ইন্দোনেশিয়ার অন্যতম বৃহৎ খাদ্য ও পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনিফামের সহযোগী হিসেবে পরিচয় দিয়েছে।

এদিকে নিখোঁজ শ্রমিকদের স্বজনরা কারখানার বাইরে জড়ো হয়ে প্রিয়জনদের সন্ধানের অপেক্ষায় রয়েছেন। বার্তা সংস্থা এএফপির বরাতে স্থানীয় সম্প্রচারমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম