শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এসএমই খাতকে উৎপাদন ও রফতানির প্রধান শক্তি হিসেবে গড়ে তুলতে চায় সরকার

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এসএমই খাতকে উৎপাদন ও রফতানির প্রধান শক্তি হিসেবে গড়ে তুলতে চায় সরকার

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে নতুন উচ্চতায় নেওয়ার পরিকল্পনা করছে সরকার। বাংলাদেশকে উৎপাদনশিল্পের কেন্দ্র ও রফতানির প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্ঠা করতে জাতীয় এসএমই নীতিমালা ২০২৬ প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ নভেম্বর) ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের সামনে নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি হবে। পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা ও বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে জাতীয় এসএমই নীতিমালা ২০২৬-এর খসড়া তৈরি করা হয়েছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

নতুন নীতিমালার আওতায় ২০৩১ সালের মধ্যে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সময়ের মধ্যে এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও রয়েছে।

২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতির আকার ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, এ লক্ষ্য অর্জনে বড় শিল্পের পাশাপাশি মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে জাতীয় উৎপাদনব্যবস্থা, সরবরাহ শৃঙ্খল এবং দেশি-বিদেশি মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত করতে হবে।

তিনি বলেন, এসএমই খাতকে শুধু অভ্যন্তরীণ বাজারের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বড় শিল্পের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ ও কাঁচামাল সরবরাহকারী এবং রফতানিমুখী উৎপাদনব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এ খাতকে গড়ে তুলতে হবে।

তৈরি পোশাকের পাশাপাশি চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পে উদ্যোক্তাদের দক্ষতা এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

এ প্রসঙ্গে দেশে প্রথম গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা এবং বিদেশে জনশক্তি রফতানির সূচনা করার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথাও স্মরণ করেন তিনি।

এসএমই খাতের বিকাশে অঞ্চলভিত্তিক শিল্পায়নের উদাহরণ হিসেবে ইতালির বিশেষায়িত শিল্প ক্লাস্টারের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এসএমই ফাউন্ডেশন ইতোমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ ও ক্রিয়েটিভ ইকোনমি কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের নকশা, মানোন্নয়ন এবং বাজার সম্প্রসারণে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে একটি জাতীয় ক্রিয়েটিভ ও ডিজাইন সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। পর্যায়ক্রমে আঞ্চলিক পর্যায়েও এ কেন্দ্রের কার্যক্রম সম্প্রসারণের আশা প্রকাশ করেন তিনি।

আন্তর্জাতিক বাজারে দেশীয় এসএমই পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সিঙ্গাপুর, লন্ডন ও প্যারিসের মতো আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্রে সরকারি উদ্যোগে পণ্য মেলার আয়োজনের বিষয়ে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তিনি।

সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের স্টলে পাটসহ বিভিন্ন পণ্যের প্রতি বিদেশি ক্রেতাদের আগ্রহের অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে এ আগ্রহকে কাজে লাগাতে হবে। বিদেশি ক্রেতারা যেন সরাসরি অর্ডার দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, লেনদেন ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, এসএমই খাতকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযুক্ত করতে পারলে দেশের উৎপাদন সক্ষমতা বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং রফতানি আয় বৃদ্ধির মাধ্যমে অর্থনীতি আরও শক্তিশালী হবে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম