ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৬ বার পঠিত | পড়ুন মিনিটে
আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন কর্মসূচিতে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে সংস্থাটির সঙ্গে সরকারের দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে এ প্রক্রিয়া শেষ হওয়ার আশা করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আয়োজনে আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, আইএমএফের নতুন কর্মসূচি নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে তাদের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
নতুন কর্মসূচি গ্রহণে আইএমএফের শর্ত কোনো বাধা কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শর্তের কারণে সরকার কর্মসূচি থেকে পিছিয়ে যায়নি। আগের সরকারের সময়ে আইএমএফের সঙ্গে করা কর্মসূচিতে এমন কিছু বিষয় রয়েছে, যা নির্বাচিত সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়।
আমির খসরু বলেন, ‘সময়ের প্রয়োজন আছে। রাতারাতি করতে গেলে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে, যার জন্য জনগণকে ভুগতে হবে। এতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়বেন।’
বিশ্ব অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে দেশের অর্থনৈতিক কাঠামো সাজানোর ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। তাই নতুন বাস্তবতা বিবেচনায় নিয়ে অর্থনৈতিক পরিকল্পনা সমন্বয় করতে হবে।
তিনি জানান, সরকারের পঞ্চবার্ষিক উন্নয়ন কর্মসূচির সঙ্গে উন্নয়ন সহযোগীদের কার্যক্রম সমন্বয় করা হচ্ছে। বিশ্বব্যাংক, এডিবি ও জাইকা ইতোমধ্যে সরকারের পরিকল্পনার সঙ্গে নিজেদের কার্যক্রম সমন্বয় করছে। আইএমএফও এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে।
অর্থমন্ত্রীর মতে, সব উন্নয়ন সহযোগীকে সরকারের পরিকল্পনার সঙ্গে সমন্বিত করা না গেলে কাঙ্ক্ষিত অর্থনৈতিক ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন কঠিন হবে।