ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২০ বার পঠিত | পড়ুন মিনিটে
সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় হামলার খবরে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৪৮ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১১৫ ডলার ৩৬ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ ডলার ২২ সেন্ট বা ১ দশমিক ২২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ ডলার ১২ সেন্ট হয়েছে।
মঙ্গলবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে। দৈনিক ৫ লাখ ৫০ হাজার ব্যারেল তেল প্রক্রিয়াকরণের সক্ষমতাসম্পন্ন এই স্থাপনায় হামলার বিষয়টি সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি।
এদিকে, ইরান ও তাদের মিত্রদের সঙ্গে চলমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
এর আগে মঙ্গলবার মধ্যপ্রাচ্যে কূটনৈতিক আলোচনা এগিয়ে যাওয়ার সম্ভাবনায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমে আসে। এর প্রভাবে সেদিন তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ২ ডলার কমেছিল। তবে নতুন হামলার খবর বাজারে আবারও অস্থিরতা তৈরি করেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত সামান্য বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, ২৩ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে দেশটিতে অপরিশোধিত তেলের মজুত প্রায় ১৫ হাজার ব্যারেল বেড়েছে।
এ ছাড়া ব্যবসায়ীদের ধারণা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পর রাশিয়ার অভ্যন্তরীণ শোধনাগারগুলোতে ডিজেল উৎপাদন বাড়লে আগামী মাসে দেশটির বাল্টিক ও কৃষ্ণসাগরীয় বন্দর দিয়ে অপরিশোধিত তেল রপ্তানি কমতে পারে।
সূত্র: রয়টার্স