ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৩ বার পঠিত | পড়ুন মিনিটে
ইতালিতে বিদেশি কর্মীদের জন্য বড় কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। ২০২৭ সালে বিভিন্ন খাতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নিয়োগের কোটা ঘোষণা করেছে দেশটির সরকার। এ সুযোগের আওতায় বাংলাদেশসহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকরা কাজের জন্য আবেদন করতে পারবেন।
নতুন এ নিয়োগের আওতায় কৃষি, পর্যটন, গৃহস্থালি পরিচর্যাসহ বিভিন্ন খাতে কর্মী নেওয়া হবে। ইতালির স্বরাষ্ট্র, শ্রম ও সামাজিক নীতি, কৃষি এবং পর্যটন মন্ত্রণালয়ের যৌথ নির্দেশনায় এ নিয়োগ কোটা নির্ধারণ করা হয়েছে।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, মোট কোটার মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি, ৮৯ হাজার জন মৌসুমি এবং ৬৫০ জন স্বনির্ভর পেশায় কাজের সুযোগ পাবেন। অমৌসুমি কর্মীদের জন্য বরাদ্দ কোটার মধ্যে ১৪ হাজার জনকে পারিবারিক পরিচর্যা খাতে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের সময়সীমা ৭ ডিসেম্বর পর্যন্ত
ইতালিতে কাজ করতে আগ্রহীদের দেশটির নির্ধারিত নিয়ম মেনে অনলাইনে আবেদন করতে হবে। ‘ফ্লো ডিক্রি’র আওতায় পরিচালিত এ প্রক্রিয়ায় ২০২৭ সালের কর্মী নিয়োগের প্রাথমিক তথ্য পূরণের কার্যক্রম শুরু হয়েছে গত ২৩ অক্টোবর। চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত।
আবেদন পূরণের জন্য ব্যবহার করতে হবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI পোর্টাল। তবে আবেদন জমা দেওয়ার দায়িত্ব মূলত ইতালির নিয়োগকর্তার। অর্থাৎ, দেশটির কোনো বৈধ নিয়োগকর্তা কর্মী নিয়োগের প্রস্তাব দিয়ে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রের মাধ্যমে আবেদন সম্পন্ন করবেন।
এ ক্ষেত্রে পাসপোর্টের কপি, চাকরির প্রস্তাব বা কাজের চুক্তিনামাসহ প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখতে হবে। আগ্রহী প্রার্থীদের আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ইতালির সরকারি নির্দেশনা অনুসরণ করতে হবে।
প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে, দালাল থেকে সতর্ক থাকার আহ্বান
ইতালিতে কর্মী নিয়োগের বিশেষ প্রশিক্ষণ প্রকল্পে অংশগ্রহণকারীদের কোনো অর্থ খরচ করতে হবে না। প্রশিক্ষণের যাবতীয় ব্যয় বহন করবে সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠান।
এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানিয়েছেন, কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী বা এজেন্সির ভূমিকা রাখার সুযোগ নেই। মধ্যস্থতার নামে কেউ অর্থ লেনদেন করলে তাকে ভিসা দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি।
নিয়োগদাতার চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ
রাষ্ট্রদূত জানান, ইতালির অভিবাসন আইনের ২৩ নম্বর অনুচ্ছেদের আওতায় পরিচালিত এ প্রকল্পগুলো সম্পূর্ণভাবে নিয়োগদাতার চাহিদার ভিত্তিতে বাস্তবায়ন করা হয়।
প্রথমে ইতালির যেসব প্রতিষ্ঠানে কর্মীর প্রয়োজন, সেসব প্রতিষ্ঠান তাদের চাহিদা নির্ধারণ করে। পরে সেই চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রকল্প তৈরি, প্রশিক্ষণার্থী নির্বাচন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
তাই ইতালিতে কাজের সুযোগ নিতে আগ্রহীদের সরকারি নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভিসা নিশ্চিত করার প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করা ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।