ডেস্ক রিপোর্ট | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৫ বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাজ্যে মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি আরএএফ ল্যাকেনহিথের আকাশে সন্দেহজনক ড্রোনের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এরপর ঘাঁটির নিরাপত্তা জোরদার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় মার্কিন বিমানবাহিনী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিমানবাহিনীর এক মুখপাত্র জানান, সন্ধ্যার দিকে ঘাঁটির আকাশে অননুমোদিত ড্রোন উড়তে দেখা যায়। বিষয়টি শনাক্ত হওয়ার পরপরই নিরাপত্তারক্ষীরা সতর্ক হয়ে পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা নেন। তবে এ ঘটনায় কোনো সেনা, বিমান বা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি।
ঘাঁটিতে অবস্থানরত সবার নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র।
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ঘটনাটি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মার্কিন নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ঘাঁটির পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ড্রোনটি কোথা থেকে এসেছে এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্প্রতি যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এর আগে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাজ্য থেকে নিজেদের বোমারু বিমান ও বড় আকারের জ্বালানি সরবরাহকারী বিমান সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তার কথা বিবেচনা করে বিমানগুলো জার্মানিতে পাঠানো হয়েছিল।
গত ২৭ সেপ্টেম্বর মধ্যরাতে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে একটি সাদা ভ্যানে করে একদল লোক উপস্থিত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় দুজনকে অভিযুক্ত করা হয়। তাঁদের একজন ইরানি গোয়েন্দাদের হয়ে কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আটক ইরান-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর এক সদস্য ওই ঘাঁটিতে হামলার পরিকল্পনা করেছিলেন বলেও জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।
গত অক্টোবরেই ব্রিটেনের গোয়েন্দা প্রধান সতর্ক করে বলেছিলেন, ইরান যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিগুলোতে হামলার চেষ্টা চালাচ্ছে। তবে ইরান বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।
এদিকে, শুধু যুক্তরাজ্য নয়, ইউরোপের অন্যান্য দেশেও ড্রোন ঘিরে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। গত আগস্টে জার্মানির একটি বিমানবন্দরে বিস্ফোরক বোঝাই ড্রোন পাওয়া যায়। এ ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করেছে জার্মান সরকার।
সূত্র: রয়টার্স