ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ইরানের সিরিক দ্বীপে যোগাযোগ টাওয়ারে হামলার পাল্টা জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি আগাম সতর্কবার্তা প্রদানকারী রাডার ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। একই সঙ্গে ওয়াশিংটনকে কঠোর সতর্কবার্তাও দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সিরিক দ্বীপে একটি যোগাযোগ টাওয়ার লক্ষ্য করে চালানো হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর ওই রাডার স্থাপনায় হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আকাশপথে উসকানিমূলক তৎপরতা ও তেল চোরাচালান বন্ধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্স কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই যেকোনো ধরনের জবাব দিতে প্রস্তুত।
ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণার কয়েক দিনের মাথায় এ হামলার দাবি সামনে এলো। এর আগে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানিয়েছিলেন, ইরান তাদের ক্ষেপণাস্ত্রের উড্ডয়ন পাল্লার ওপর থাকা বিধিনিষেধ তুলে নিয়েছে। তবে এ সক্ষমতা বাস্তবে প্রদর্শনের বিষয়টি এখনো বাকি রয়েছে।
ইরানি বার্তা সংস্থা ইসনাকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহেব্বি বলেন, ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর থাকা বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। তবে এসব সক্ষমতা বাস্তবে প্রদর্শন করতে হবে।
তিনি আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ও থাড আকাশ প্রতিরক্ষাব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র ইরানি ড্রোনের অনুকরণ করছে উল্লেখ করে তিনি একে ইরানের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতার প্রমাণ বলেও অভিহিত করেন।
এদিকে, ইসরায়েলি সংবাদপত্র মারিভের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য নতুন সংঘাতের প্রস্তুতি হিসেবে ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও আঞ্চলিক তৎপরতা বাড়িয়ে চলেছে।
প্রতিবেদনে ইরানকে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান চ্যালেঞ্জের বিষয়টি তুলে ধরা হয়েছে। পাশাপাশি পরবর্তী পদক্ষেপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্য বাড়ার কথাও উল্লেখ করা হয়েছে।
সামরিক সংবাদদাতা ও বিশ্লেষক আভি আশকেনাজির লেখা ওই প্রতিবেদনে ব্লুমবার্গের বরাত দিয়ে বলা হয়, পশ্চিমা গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী, ইরান প্রতি মাসে প্রায় ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে। দেশটির মজুতেও রয়েছে অতিরিক্ত প্রায় ১ হাজার ৭০০টি ক্ষেপণাস্ত্র।
মারিভের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র উৎপাদন ও মজুতের এই পরিসংখ্যান মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। এতে স্পষ্ট হচ্ছে, তেহরান তাদের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সূত্র: আল-মায়াদিন