শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইরানের সঙ্গে চুক্তি নয়, ভ্যান্সকে আলোচনা থেকে সরালেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরানের সঙ্গে চুক্তি নয়, ভ্যান্সকে আলোচনা থেকে সরালেন ট্রাম্প

ইরানের সঙ্গে শান্তি আলোচনার উদ্যোগ থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই জানিয়ে আলোচনার প্রক্রিয়া থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরিয়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে ভ্যান্সকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অপরাধ ও দুর্নীতি দমনে মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই (এমইই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নিতে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের চেষ্টা করছিলেন ভ্যান্স। তবে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, ইরানের সঙ্গে কোনো চুক্তিতে যাওয়ার প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের।

ট্রাম্প লেখেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিনগুলো অনেক আগেই পার হয়ে গেছে। তাদের অর্থ, শত শত বিলিয়ন ডলার আমাদের হাতে রয়েছে এবং তাদের প্রণালিও (হরমুজ) আমাদের দখলে।’

ট্রাম্পের এ অবস্থান কয়েক দিন আগের বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ বিপরীত। এর আগে তিনি বলেছিলেন, ইরানের সঙ্গে রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে এবং আলোচনা চলমান রয়েছে।

এদিকে ইরান ইস্যুতে কূটনৈতিক তৎপরতা থেকে ভ্যান্সকে সরিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। বিশেষ করে ডেমোক্র্যাট-শাসিত শহর ও অঙ্গরাজ্যগুলোতে অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাম্প বলেন, ভাইস প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন, তিনি যেন এসব এলাকায় চলমান ব্যাপক দুর্নীতি ও অপরাধের দিকে সম্পূর্ণ মনোযোগ দেন।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর ইরানের সঙ্গে রাজনৈতিক সমঝোতার উদ্যোগে সক্রিয় হয়ে ওঠেন ভ্যান্স। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়েও প্রকাশ্যে মতামত দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভ্যান্স লিখেছিলেন, নির্বাচনে তাঁদের পরাজয়ের অন্যতম কারণ ছিল এই যুদ্ধ। প্রেসিডেন্ট নিজেও আগের রাতে এ কথা বলেছেন বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি নির্বাচনে রিপাবলিকান পার্টির খারাপ ফলের জন্য ইসরায়েলের সঙ্গে দলটির সংশ্লিষ্টতাকেও দায়ী করেছিলেন ভ্যান্স।

এর আগে তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিনের এক সংবাদ সম্মেলনের বরাতে মিডল ইস্ট আই জানায়, কাতারে ভ্যান্স ও ইরানের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাইয়ের মধ্যে বৈঠকের উদ্যোগ নেওয়া হচ্ছিল। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে আলোচনার কোনো সূচি নির্ধারণের কথা অস্বীকার করেছিল, তবে বৈঠক আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রের তৎপরতা চলছিল।

গত বুধবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ভ্যান্স নিজেই মোহসেন রেজাইয়ের সঙ্গে যোগাযোগ করে বৈঠকের অনুরোধ জানিয়েছিলেন। ট্রাম্পের অনুমোদন নিয়েই তিনি এ যোগাযোগ করেছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে হঠাৎ করে ভ্যান্সকে আলোচনা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হোয়াইট হাউসের উপদেষ্টাদের মধ্যে মতপার্থক্যের ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে তাড়াহুড়ো করছে না ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের ধারণা, হরমুজ প্রণালিতে তারা সুবিধাজনক অবস্থানে রয়েছে।

ট্রাম্পের আকস্মিক অবস্থান পরিবর্তনে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক মিত্র ও অংশীদারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের নীতিগত অনিশ্চয়তার প্রভাব ইতিমধ্যে ওই অঞ্চলের অর্থনীতিতে পড়ছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, দীর্ঘমেয়াদি অনিশ্চয়তার জন্য প্রস্তুত থাকা উচিত। এমন পরিস্থিতিতে কোনো চূড়ান্ত সমাধান কিংবা স্থিতিশীল আঞ্চলিক ব্যবস্থা নিশ্চিত ধরে নেওয়া যায় না।

এদিকে যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্রও তেহরানের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছে। ইরাকের সুলাইমানিয়ায় এক সম্মেলনে যুক্তরাষ্ট্র-সমর্থিত জ্যেষ্ঠ কুর্দি কর্মকর্তা ও প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান পার্টির প্রধান বাফেল তালাবানি বলেন, ওয়াশিংটনের অবশ্যই তেহরানের সঙ্গে আলোচনা করা উচিত।

তিনি বলেন, ইরানিদের সঙ্গে কথা বলতে তাঁদের কোনো অসুবিধা নেই। ট্রাম্পের একজন মিত্র এবং একই সঙ্গে ইরানিদেরও একজন মিত্র হিসেবে তিনি মনে করেন, শক্তিশালী যুক্তরাষ্ট্রের পক্ষে তেহরানের সঙ্গে আলোচনা করা সম্ভব।

সূত্র: মিডল ইস্ট আই

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম