ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৮ বার পঠিত | পড়ুন মিনিটে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার বাসের যাত্রী, ট্রাকচালকসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে। এতে কুমিল্লামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। পরে যানবাহনের চাপ বাড়তে থাকলে গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটারজুড়ে যানজট ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সেতুর ঢালে কাভার্ড ভ্যানটি বিকল হওয়ার পর থেকেই মহাসড়কে যান চলাচল ব্যাহত হতে থাকে। একপর্যায়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। বিভিন্ন স্থানে গাড়ি থেমে থেমে ও ধীরগতিতে চলাচল করায় গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। গাড়িটি সরানোর কাজ চলছে। আশা করছি, এক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।