জেলা প্রতিনিধি | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৫ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে জেলা প্রশাসন ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও এসআরবির সদস্যরা হাসপাতালে অভিযান চালান। এ সময় অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, নার্গিস আক্তার, সাব্বির মিয়া, তাইফ ইসলাম ও শিপন মিয়াকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত শিপন মিয়াকে দুই হাজার টাকা এবং নার্গিস আক্তারকে তিন হাজার টাকা জরিমানা করেন। বাকি পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসআরবি-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়েছে। হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এসব দালালকে যারা মদদ দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।