ডেস্ক রিপোর্ট | বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৬ বার পঠিত | পড়ুন মিনিটে
মিয়ানমারে প্রবেশের অনুমতি না পেলেও দেশটির অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনায় সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই কারি। রোহিঙ্গা সংকট ও রাখাইন রাজ্যের পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করবেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে জাতিসংঘের এই বিশেষ দূতের। তার সফর চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতর (ওএইচসিএইচআর) জানিয়েছে, মিয়ানমার সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিলেন কেলি ই কারি। তবে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এ মুহূর্তে এ ধরনের সফরের জন্য তারা প্রস্তুত নয়।
বাংলাদেশ সফরকালে কেলি ই কারি মিয়ানমারের চলমান সশস্ত্র সংঘাত, রাখাইন রাজ্যের মানবাধিকার পরিস্থিতি এবং এর প্রভাবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্দশা পর্যালোচনা করবেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোও খতিয়ে দেখবেন তিনি।
সফরে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের এই বিশেষ র্যাপোর্টিয়ার। এ ছাড়া ঢাকা ছাড়াও কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা রয়েছে তার।
সফর শেষে আগামী ১৮ নভেম্বর ঢাকার জাতিসংঘ ভবনে (ইউএন হাউস) সংবাদ সম্মেলন করবেন কেলি ই কারি। বাংলাদেশ সফর ও সংশ্লিষ্ট পর্যবেক্ষণের ভিত্তিতে তৈরি তার পরবর্তী প্রতিবেদন ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধিবেশনে উপস্থাপনের কথা রয়েছে।