জেলা প্রতিনিধি | বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির সুফল তুলে ধরা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সরাইল উপজেলার নিজ সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস, ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপনায় GPMS কর্মপরিকল্পনার আওতায় অক্টোবর-ডিসেম্বর ২০২৬-এর দ্বিতীয় প্রান্তিকের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মীর কামরুজ্জামান কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোহাম্মদ মামুন, নিজ সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী ওয়াস্থী, মোঃ শাহীনুর ইসলাম ঠাকুর এবং বিদ্যালয়ের সহ-সভাপতি সাবিনা সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মীর কামরুজ্জামান কবির ফ্যামিলি কার্ড কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, গত ১০ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হতদরিদ্র ও নারীপ্রধান পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। ঢাকার বনানীর কড়াইল বস্তি সংলগ্ন মাঠে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। প্রাথমিকভাবে ১৪টি উপজেলা ও এলাকায় ৩৭ হাজার ৫৬৭ জন উপকারভোগীকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের একজন নারী সদস্যকে এ কার্ডের আওতায় আনা হবে, যাতে তারা স্বল্পমূল্যে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারেন। সম্ভাব্য সুবিধাভোগীদের তালিকা তৈরিতে সমাজসেবা বিভাগ, জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা কাজ করছেন।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আসাদনগরে ৭৭৬ জনকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। নারীপ্রধান পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে স্থানীয় প্রশাসন সুবিধাভোগীদের তথ্য যাচাই করছে। (তথ্য সূত্র: জেলা সমাজসেবা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া)।
কৃষক কার্ড কর্মসূচি সম্পর্কে প্রধান অতিথি বলেন, ২০২৬ সালের মার্চ ও এপ্রিল মাসে কৃষি মন্ত্রণালয় পরীক্ষামূলকভাবে এ কর্মসূচির বাস্তবায়ন শুরু করে। ১৪ এপ্রিল পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরীক্ষামূলকভাবে ১০টি জেলার ১১টি উপজেলার ২২ হাজার ৬৫ জন কৃষকের মধ্যে এ কার্ড বিতরণ শুরু হয়েছে।
তিনি বলেন, কৃষকদের ডিজিটাল পরিচয়ের আওতায় এনে সার, বীজ, কৃষিঋণ, ভর্তুকি ও অন্যান্য কৃষি সহায়তা সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য। (তথ্য সূত্র: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া)।
এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে বিস্তারিত আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মীর কামরুজ্জামান কবির। তিনি ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে উঠান বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।