নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৫ বার পঠিত | পড়ুন মিনিটে
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশ্রাফীয়া কওমি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন ৬৩ শিক্ষার্থী। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ ছাড়া আরও শিক্ষার্থী চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, অসুস্থ শিক্ষার্থীদের নিয়ে স্বজন ও শিক্ষকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। কেউ চিকিৎসা নিচ্ছেন, আবার কেউ চিকিৎসার অপেক্ষায় রয়েছেন। মাদ্রাসার কয়েকজন শিক্ষকও চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে, শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত রয়েছেন মাদ্রাসার অন্য শিক্ষকরা।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এখন পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চারজনকে আইসিইউতে রাখা হয়েছে। রোগীর সংখ্যা আরও বাড়ছে। তবে কারও শরীরে দগ্ধ হওয়ার কোনো চিহ্ন নেই। মূলত আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় তারা অসুস্থ হয়ে পড়েছেন।
মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান বলেন, মাদ্রাসার যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছে, সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে আগুন লাগার পর ধোঁয়া পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।
তিনি আরও জানান, মাদ্রাসায় একাধিক সিঁড়ি থাকায় শিক্ষার্থীরা দ্রুত ভবন থেকে বের হতে পেরেছে।