ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৬ বার পঠিত | পড়ুন মিনিটে
মিশরের গিজা শহরের কাছে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। ভয়াবহ এ দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা নিশ্চিত করতে আশপাশের সব হাসপাতালে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির সরকার।
রোববার গিজার আল-আইয়াত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিশরের রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন লাইনে দাঁড়িয়ে থাকা কায়রো-আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে ট্রেনচালকও রয়েছেন।
সংঘর্ষের তীব্রতায় কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়। একটি বগি ভেঙে দুই টুকরো হয়ে গেছে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা বগির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করেন।
আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে আশপাশের হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সরকারি কৌঁসুলির কার্যালয় আশঙ্কা প্রকাশ করেছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মিশরের স্বাস্থ্যমন্ত্রী ড. খালেদ আবদেল গাফফার জানান, আহতদের অধিকাংশের শরীরের হাড় ভেঙে গেছে। অনেকে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। এদিকে মিশরের রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্ঘটনাস্থল ও হাসপাতালগুলোতে জরুরি সহায়তা দিচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও সহযোগিতা করছে সংস্থাটি।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন তিনি। তদন্তে কারও গাফিলতি বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহির আওতায় আনার কথাও জানিয়েছেন।
দুর্ঘটনার পর গিজা ও উচ্চ মিশরের মধ্যে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বগি ও ধ্বংসাবশেষ সরাতে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ভারী ক্রেন।
উল্লেখ্য, ২০০২ সালের ফেব্রুয়ারিতে আল-আইয়াতের কাছাকাছি এলাকায় কায়রো থেকে লুকসরগামী একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেটি মিশরের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী রেল দুর্ঘটনা হিসেবে পরিচিত।
সূত্র: বিবিসি