ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৪ বার পঠিত | পড়ুন মিনিটে
ইরানকে বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির অস্ত্র ও সামরিক প্রযুক্তি সরবরাহ বন্ধ করতে ‘টাস্কফোর্স আইরন গেট’ নামে বিশেষ একটি ইউনিট গঠন করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তবে দীর্ঘ সীমান্ত ও বিস্তৃত বাণিজ্যিক নেটওয়ার্কের কারণে এই উদ্যোগ কতটা সফল হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেছেন, টাস্কফোর্সটি পুরোপুরি কার্যকর রয়েছে। হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের মাধ্যমে ইরানের আমদানি-রপ্তানিও প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
সেন্টকম জানিয়েছে, ফ্লোরিডার টাম্পাভিত্তিক এই ইউনিট অন্যান্য মার্কিন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। এর লক্ষ্য ইরানে উন্নত অস্ত্র, প্রযুক্তি ও অবৈধ অর্থের চোরাচালান শনাক্ত ও বন্ধ করা।
মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক মার্কিন উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয় বলেন, ইরানে অস্ত্র সরবরাহের পথ এবং দেশটির জ্বালানি পরিবহনব্যবস্থা শনাক্ত করাই হবে এই টাস্কফোর্সের অন্যতম প্রধান কাজ।
তবে কিংস কলেজ লন্ডনের সহযোগী অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগ এই উদ্যোগকে ‘হতাশাজনক চেষ্টা’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, মাত্র ২০ সদস্যের একটি ইউনিটের পক্ষে হাজার হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত পাহারা দেওয়া সম্ভব নয়।
বিশ্লেষকদের ধারণা, টাস্কফোর্সটি মূলত গোয়েন্দা ইউনিট হিসেবে কাজ করবে। সরবরাহব্যবস্থা পুরোপুরি বন্ধ করার পরিবর্তে ইরানের সামরিক সরঞ্জাম সংগ্রহকে আরও ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ করে তোলাই হবে এর প্রধান লক্ষ্য।
রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের ম্যাথিউ সাভিলের মতে, স্যাটেলাইট চিত্র, ড্রোন ও গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করবে এই অভিযান। প্রয়োজনে ড্রোন হামলা কিংবা সীমিত স্থল অভিযানও চালানো হতে পারে। তবে রাশিয়া ও চীনের মতো দেশ থেকে ইরানে প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করা হবে বড় চ্যালেঞ্জ।
রাজনৈতিক বাধায় আটকে যেতে পারে অভিযান
বিশ্লেষকদের মতে, এই মিশনের সবচেয়ে বড় বাধা প্রযুক্তিগত নয়, বরং রাজনৈতিক। ইরানের প্রতিবেশী ইরাক, আজারবাইজান, তুর্কমেনিস্তান, পাকিস্তান ও তুরস্ক যুক্তরাষ্ট্রকে এ ধরনের অভিযানে সহযোগিতা করবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের গবেষক রামি খুরি বলেন, হাজার বছর ধরে এশিয়া ও মধ্যপ্রাচ্যের সঙ্গে ইরানের যে বিশাল ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে উঠেছে, তা যুক্তরাষ্ট্রের পক্ষে পুরোপুরি বন্ধ করা অসম্ভব।
বাড়তে পারে আঞ্চলিক সংঘাত
নতুন এই মিশন ঘিরে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগ সতর্ক করে বলেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডে অভিযান চালানো হলে যুদ্ধের পরিধি আরও বাড়তে পারে।
এর পাল্টা জবাবে ইরান হরমুজ প্রণালিতে চাপ বাড়ানোর পাশাপাশি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ব্যবহার করতে পারে বলেও আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, কাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব জুয়াইরি বলেন, কাস্পিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নেই। রাশিয়ার সম্ভাব্য প্রতিক্রিয়ার আশঙ্কায় ইরানের প্রতিবেশী দেশগুলোও ওয়াশিংটনকে সহযোগিতা করতে চাইবে না। ফলে মাঠপর্যায়ে সেনা মোতায়েন ছাড়া এই টাস্কফোর্সের কার্যকারিতা সীমিত থাকার আশঙ্কা রয়েছে।
সব মিলিয়ে, ইরানের অস্ত্র ও প্রযুক্তি সরবরাহে চাপ সৃষ্টি করতে পারলেও দেশটির বিস্তৃত বাণিজ্যিক নেটওয়ার্ক পুরোপুরি বিচ্ছিন্ন করা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হবে। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক সহযোগিতা ও রাজনৈতিক সমর্থন ছাড়া ট্রাম্পের এই পরিকল্পনা কতটা কার্যকর হবে, তা নিয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে।