জেলা প্রতিনিধি | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২ বার পঠিত | পড়ুন মিনিটে
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অফিসের যৌথ দল। এ সময় প্রায় ৫০ কেজি খাওয়ার অনুপযোগী মিষ্টি ও জিলাপি ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার চম্পকনগর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তাঁকে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান।
কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চম্পকনগর বাজারের জয় লোকনাথ মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির বিষয়টি ধরা পড়ে। এ সময় মিষ্টি তৈরির পরিবেশ ও খাদ্যের মান নিয়ে বিভিন্ন অসংগতি পাওয়া যায়।
দোকানটির মালিক অভিযোগের সত্যতা স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার মুচলেকা দেন। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রায় ৫০ কেজি খাওয়ার অনুপযোগী মিষ্টি ও জিলাপি ধ্বংস করা হয়।
অন্যদিকে, বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে অভিযান চালিয়ে মূল্যতালিকা প্রদর্শন না করায় দুটি মুদি দোকানকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।