নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৮ বার পঠিত | পড়ুন মিনিটে
গাজীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশনে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তিস্তা ও যমুনা এক্সপ্রেস ট্রেন আটকে দেন তাঁরা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করা হলে সকাল ১০টার দিকে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টার দিকে রাজেন্দ্রপুর রেলস্টেশন এলাকায় এ বিক্ষোভ শুরু হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, রাজেন্দ্রপুর একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন। দীর্ঘদিন ধরে এখানে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছেন তাঁরা। তবে রেলওয়ে কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় ক্ষোভ থেকে শনিবার রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, সকাল ৬টার দিকে এলাকাবাসী বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে অবরোধ সৃষ্টি করে লাল ব্যানার টানিয়ে দেন। পরে তাঁদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, সকাল ৯টার দিকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের সামনে আবারও অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশনে থামাতে বাধ্য করেন তাঁরা। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দাবির বিষয়ে আশ্বাস দেন।
পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করেন এলাকাবাসী। সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।