ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২৮ বার পঠিত | পড়ুন মিনিটে
পাকিস্তান ক্রিকেটে নতুন করে আলোচনায় এসেছিলেন দেশটির সাবেক গতিতারকা শোয়েব আখতার। গুঞ্জন উঠেছিল, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। তবে সেই খবর সরাসরি নাকচ করে দিয়েছেন শোয়েব।
ইংল্যান্ড সফর ঘিরে পাকিস্তান ক্রিকেটে সাম্প্রতিক সময়ের নানা আলোচনা-সমালোচনার মধ্যে সম্ভাব্য পরিবর্তন নিয়ে একের পর এক খবর সামনে আসে। এরই ধারাবাহিকতায় প্রধান নির্বাচক হিসেবে শোয়েব আখতারের নামও ছড়িয়ে পড়ে।
তবে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব পরিষ্কার করে জানিয়েছেন, পিসিবিতে কোনো দায়িত্ব নেওয়ার বিষয়ে তার সঙ্গে বোর্ডের কোনো আলোচনা হয়নি।
বরং এ ধরনের দায়িত্ব থেকে দূরে থাকার বিষয়ে তার মায়ের পরামর্শের কথাই তুলে ধরেছেন ৫১ বছর বয়সী সাবেক এই পেসার। উপস্থাপক তাকে মনে করিয়ে দেন, এর আগে শোয়েব জানিয়েছিলেন—তার মা তাকে পিসিবি ও পাকিস্তানের রাজনীতি থেকে দূরে থাকতে বলেছিলেন।
জবাবে শোয়েব বলেন, “এরকম কিছুই হচ্ছে না। যা কিছু বলা হচ্ছে সবই অনুমাননির্ভর। আমি আমার বক্তব্যে অটল এবং (মায়ের) সেই পরামর্শেই অটল থাকব। এই দাবিগুলোর কোনো সত্যতা নেই।”
তিনি আরও বলেন, “পিসিবিতে যাওয়ার ব্যাপারে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার বিষয়ে এই সমস্ত খবর শুনেছি আমিও। কিন্তু এগুলো সবই ভুয়া এবং এই ধরনের দাবির কোনো সত্যতা নেই। আমি শুধু পাকিস্তান ক্রিকেটের মঙ্গল চাই।”
শোয়েবের বক্তব্যে স্পষ্ট, পাকিস্তান ক্রিকেটের সঙ্গে কাজ করার আগ্রহ তার রয়েছে। তবে সেটি পিসিবির কোনো আনুষ্ঠানিক পদে থেকে নয়। বোর্ডের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি বলে জানিয়েছেন তিনি।
বর্তমানে দেশের বাইরে ছুটি কাটাচ্ছেন শোয়েব। পিসিবির দায়িত্ব নেওয়ার গুঞ্জনের মধ্যেই তিনি জানান, বোর্ডের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত না হয়েও দেশের ক্রিকেটের জন্য কাজ করার সুযোগ রয়েছে।
শোয়েব বলেন, “অবশ্যই পাকিস্তান ক্রিকেটের সেবা করতে চাই, কিন্তু আমি মনে করি, তা আরও অনেক উপায়েই করতে পারি।”
এ বক্তব্যের মধ্য দিয়ে আপাতত পিসিবিতে শোয়েব আখতারের যোগ দেওয়ার গুঞ্জনের অবসান হলো। প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার খবরকে সরাসরি ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক এই গতিতারকা।