নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১৭৯ বার পঠিত | পড়ুন মিনিটে
কাজি আজিজুল হক খোকন । হারিয়ে যেতে পারে না এই মুখ। কমিউনিটর অত্যন্ত পরিচিত মুখ। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গেলেই দেখা মিলতো এই খোকনের। খামারবাড়ি গ্রোসারী ও নবান্ন রেষ্টুরেন্ট সংলগ্ন অবকাশ স্টোরে কাজ করতেন তিনি। রাজনীতির সাথেও জড়িত ছিলেন। আওয়ামী লীগের নেতা ও যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি তিনি। গত ৩ দিন ধরে নিখোঁজ। কিউ গার্ডেনের বাসায় একা থাকতেন। যুক্তরাষ্ট্রে বাস করেন ৩০ বছর ধরে। দুর্ভাগ্যজনক হলেও এখনও কাগজ হয়নি। শারীরিকভাবেও কিছুটা অসুস্থ। স্থানীয় পুলিশ দরজা ভেঙ্গে তার বাসায় প্রবেশ করেও পায়নি। আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুজ্জামান বিভিন্ন হাসপাতালেও খবর নিয়েছেন। পাওয়া যায়নি কোন সন্ধান। এতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মিরা উদ্বিগ্ন। সংগঠনটির প্রচার সম্পাদক মোঃ হামিদ প্রতিবেদককে তার নিখোঁজ হবার বিষয়টি নিশ্চিত করেছেন। অনেকেই সন্দেহ পোষণ করছেন আইস পুলিশের হাতে খোকন গ্রেফতার হলো কিনা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান প্রতিবেদককে বলেন, কিছুক্ষন আগে শুনেছি। আমি নিউইয়র্কের জ্যাকসন হাইটস যাচ্ছি। সব ধরনের খোঁজ খবর নেব।
খোকন প্রায় ৩০ বছর আগে আমেরিকায় এসেছিলেন। তার দেশেরর বাড়ি মাগুড়া জেলায়। ৩ দিন ধরে কাজেও যান না। অবকাশ স্টোরের মালিক রানার সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি। অনেকেই বলছেন, আইস খোকনকে গ্রেফতার করতে পারে।