নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৫ বার পঠিত | পড়ুন মিনিটে
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক সহায়তা দেওয়া বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি৭।
জোটটির পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, হুতিদের এ ধরনের সামরিক সহায়তা আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এক বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে এসব কথা জানায় জি৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা।
বিবৃতিতে ইয়েমেনে হুতিদের অব্যাহত হামলার নিন্দা জানানো হয়। পাশাপাশি সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের হামলা ও সামরিক তৎপরতার কথাও উল্লেখ করা হয়েছে।
জি৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা হুতিদের সব ধরনের সামরিক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বেসামরিক নৌযানের বিরুদ্ধে হুমকি ও হামলা অবিলম্বে বন্ধ এবং রাজনৈতিক প্রক্রিয়ায় আন্তরিকভাবে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বেসামরিক জাহাজ চলাচলের ওপর হামলা ও হুমকি আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
জি৭ হলো যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত একটি অনানুষ্ঠানিক জোট। বৈশ্বিক অর্থনীতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করতে জোটটির নেতারা ও পররাষ্ট্রমন্ত্রীরা নিয়মিত বৈঠক করেন।
সূত্র: আল জাজিরা