নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৩ বার পঠিত | পড়ুন মিনিটে
পটুয়াখালীতে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বসাক বাজারসংলগ্ন পায়রা পেট্রোল পাম্প মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সদর উপজেলার বদরপুর গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৩৫), বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের ধীরেন মিস্ত্রীর মেয়ে তিথী (২৩), গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের রাজ্জাক প্যাদার ছেলে কাইয়ুম প্যাদা (৫০) এবং একই উপজেলার চার আনি বাউরিয়া গ্রামের অনিল হাওলাদারের মেয়ে শিল্পী রানী (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস পায়রা পেট্রোল পাম্প মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
সংঘর্ষের পর অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। এ সময় অটোরিকশা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে বাসটি রেকার দিয়ে সরিয়ে এর নিচ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৩৫ জন যাত্রী ছিলেন। আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. বেল্লাল হোসেন বলেন, রেকার দিয়ে বাসটি তুলে আনার পর সর্বশেষ বাসের নিচ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোট চারজন নিহত হয়েছেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিহতদের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।