নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৯ বার পঠিত | পড়ুন মিনিটে
বিশ্বকাপের পর জাতীয় দল পুনর্গঠনের অংশ হিসেবে নতুন স্কোয়াড ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের কোচ মৌরিসিও পচেত্তিনো। সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক উইন্ডোতে চারটি প্রীতি ম্যাচকে সামনে রেখে ঘোষিত ২৮ সদস্যের দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ বছর বয়সী ফুটবলার কাভান সুলিভান।
নতুন ঘোষিত স্কোয়াডে ১২ জন নতুন মুখ রয়েছেন। এ ছাড়া ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড় রয়েছেন ছয়জন। ফলে দলের গড় বয়স দাঁড়িয়েছে ২২ বছর ৯ মাসে।
মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলেন কাভান। তার বড় ভাই ২২ বছর বয়সী কুইন সুলিভানও একই ক্লাবের হয়ে খেলেছেন। যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে তার।
পরিবারের অন্য দুই সদস্য রোনান ও ডেক্লান সুলিভান বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। রোনান ইতোমধ্যে গত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে নজর কেড়েছেন। সুলিভান পরিবারের নানি সুলতানা আলম যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি।
কাভানকে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। ২০২৪ সালে মাত্র ১৪ বছর বয়সে এমএলএসে অভিষেক করে রেকর্ড গড়েন তিনি। একই বছর এমএলএসের ইতিহাসে সবচেয়ে বেশি মূল্যের স্থানীয় খেলোয়াড় হিসেবে চুক্তি করেন এই মিডফিল্ডার।
১৮ বছর বয়স পূর্ণ হলে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কথা রয়েছে কাভানের। চলতি মৌসুমেও ফিলাডেলফিয়ার হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। নিয়মিত মৌসুমে ২৩ ম্যাচে ছয় গোলের পাশাপাশি করেছেন ১১টি অ্যাসিস্ট।
এবারই প্রথম যুক্তরাষ্ট্রের সিনিয়র জাতীয় দলে ডাক পেলেন কাভান। নতুন স্কোয়াডের ১৩ জন খেলোয়াড়ের এখনও জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা হয়নি।
আন্তর্জাতিক উইন্ডোতে পেরু, চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে চারটি প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। এসব ম্যাচেই জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ কাভান সুলিভান।