শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জরায়ু অপসারণের পর দীর্ঘ সংগ্রাম, অবশেষে কন্যাসন্তানের মা লেনা ডানহাম

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জরায়ু অপসারণের পর দীর্ঘ সংগ্রাম, অবশেষে কন্যাসন্তানের মা লেনা ডানহাম

দীর্ঘ সংগ্রাম ও নানা শারীরিক জটিলতা পেরিয়ে অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন জনপ্রিয় অভিনেত্রী, লেখিকা ও নির্মাতা লেনা ডানহাম। সারোগেসির (গর্ভভাড়া) মাধ্যমে স্বামী লুইস ফেলবারের সঙ্গে প্রথম কন্যাসন্তানকে স্বাগত জানিয়েছেন ‘গার্লস’খ্যাত এই তারকা।

বুধবার প্রকাশিত ‘ভোগ’-এর এক নিবন্ধে নিজের মাতৃত্বের অভিজ্ঞতা তুলে ধরেছেন ৪০ বছর বয়সী ডানহাম। সেখানে তিনি লিখেছেন, নতুন এক অপার্থিব আনন্দে তিনি শিহরিত ও আত্মহারা।

মাত্র ৩১ বছর বয়সে শারীরিক জটিলতার কারণে জরায়ু অপসারণ করতে হয়েছিল ডানহামের। দীর্ঘদিন ধরে এন্ডোমেট্রিওসিসসহ নানা শারীরিক সমস্যা নিয়ে ভুগেছেন তিনি। জরায়ু অপসারণের পর স্বাভাবিকভাবে মা হওয়ার সম্ভাবনা হারিয়ে গভীরভাবে ভেঙে পড়েছিলেন এই অভিনেত্রী।

তবে সন্তান পাওয়ার আকাঙ্ক্ষা থামেনি। ভোগে প্রকাশিত লেখায় সারোগেট মায়ের সঙ্গে প্রথম পরিচয়ের কথাও আবেগঘনভাবে তুলে ধরেছেন তিনি। কফির আড্ডা থেকে শুরু করে দ্রুতই তারা এমন এক যাত্রায় পা রাখেন, যার শেষ হয়েছে ডানহামের বহুদিনের মাতৃত্বের স্বপ্ন পূরণে।

কন্যাসন্তানের জন্মমুহূর্তকে আরও বিশেষ করে তুলেছিল সময়টিও। ডানহামের ভাষ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের ১৩ দিন পর এক সূর্যগ্রহণ ও উল্কাপাতের আবহে পৃথিবীতে আসে তার মেয়ে।

হাসপাতালে সদ্যোজাতের প্রথম কান্না শোনার মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে ডানহাম জানান, তখন তার চোখ নেমে আসে শিশুটির দিকে। প্রথমবার মেয়ের মুখ দেখার অনুভূতিকে তিনি বর্ণনা করেছেন গভীর আবেগে। নতুন অতিথিটিও যেন প্রথমবার পৃথিবীর আলো-হাওয়া চিনে নেওয়ার চেষ্টা করছিল।

মাতৃত্বের এই যাত্রা ডানহামের জন্য মোটেও সহজ ছিল না। ২০২৬ সালের এপ্রিলে প্রকাশিত স্মৃতিকথা ‘ফেমসিক’-এ তিনি লিখেছিলেন, যেদিন স্বাভাবিকভাবে মা হওয়ার ক্ষমতা হারান, সেদিন থেকেই সন্তানের জন্য তার আকাঙ্ক্ষা আরও তীব্র হয়ে ওঠে।

করোনা মহামারির সময় নিজের ডিম্বাণু সংরক্ষণের জন্য সংগ্রহের যন্ত্রণাদায়ক প্রক্রিয়ার মধ্য দিয়েও যেতে হয়েছিল তাকে। কখনো দত্তক নেওয়ার কথা ভেবেছেন, আবার কখনো সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার পথ খুঁজেছেন। এমনও সময় গেছে, যখন সন্তান ছাড়াই ভালো থাকার কথা মনে হয়েছে; আবার পরদিনই মনে হয়েছে, সন্তান ছাড়া তার জীবন অসম্পূর্ণ।

২০২৫ সালের জুনে ‘দ্য টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডানহাম জানিয়েছিলেন, তিনি ও তার স্বামী নতুন একটি উপায়ে পরিবার বাড়ানোর প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তবে সে সময় ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার কারণে বিস্তারিত কিছু জানাননি। শুধু বলেছিলেন, সন্তানের সঙ্গে নিরাপদে দেখা হওয়ার পর উপযুক্ত সময়ে বিষয়টি প্রকাশ করবেন।

এরও আগে, ২০২০ সালে ‘হার্পারস ম্যাগাজিন’-এ লেখা এক নিবন্ধে নিজের মানসিক পরিবর্তনের কথা জানিয়েছিলেন ডানহাম। সেখানে তিনি লিখেছিলেন, নিজে গর্ভধারণ করে মা হতে পারবেন না—এই বাস্তবতা মেনে নেওয়া এবং সেখান থেকে সামনে এগিয়ে যাওয়াই হয়তো কোনো শিশুর অভিভাবক হওয়ার জন্য তার সবচেয়ে বড় প্রস্তুতি।

দীর্ঘ অনিশ্চয়তা, শারীরিক জটিলতা ও মানসিক লড়াই পেরিয়ে অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানকে স্বাগত জানিয়ে লেনা ডানহামের জীবনে শুরু হলো মাতৃত্বের নতুন অধ্যায়।

সূত্র: বিবিসি

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম