নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪৪ বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় আসর বসতে যাচ্ছে। আগামী বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া এ উৎসবের জন্য চলচ্চিত্র আহ্বান করা হয়েছে।
আয়োজকেরা জানিয়েছেন, এবারের উৎসবে শর্টফিল্ম, ডকুমেন্টারি, ওয়েব ফিল্ম ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র—এই চারটি বিভাগে বাংলা ভাষায় নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হবে। পাশাপাশি বিভিন্ন বিভাগে বিজয়ীদের জন্য থাকবে পুরস্কার।
ফেস্টিভ্যাল-২০২৬-এর আহ্বায়ক ও প্রযোজক অলিভ আহমেদ বলেন, ‘আমরা আমেরিকায় বাংলা চলচ্চিত্রের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। প্রথম নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে যে সাড়া পেয়েছি, সেটিকে সঙ্গে নিয়ে আমরা আরও এগিয়ে যেতে চাই।’
তিনি জানান, এবারের উৎসবের জুরি বোর্ডে থাকছেন অভিজ্ঞ ব্যক্তিরা। ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন পিকলু চৌধুরী এবং প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে থাকছেন তানভীর খায়ের।
উৎসবের সদস্য সচিব লিটু আনাম বলেন, বাংলা চলচ্চিত্রের ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। যারা এই ইতিহাসকে সমৃদ্ধ করেছেন, তাদের কাজের মূল্যায়ন করাই উৎসবের অন্যতম লক্ষ্য।
তিনি বাংলাদেশের নির্মাতা ও প্রযোজকদের ২০২৬ সালে নির্মিত নিজেদের সেরা চলচ্চিত্রগুলো নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে জমা দেওয়ার আহ্বান জানান।
আয়োজকেরা জানিয়েছেন, চলচ্চিত্রের দৈর্ঘ্যের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই। mov অথবা mp4 ফরম্যাটে চলচ্চিত্র জমা দেওয়া যাবে। ড্রাইভ লিংক পাঠানো যাবে submit@nybanglaff.org ঠিকানায়। এছাড়া FilmFreeway প্ল্যাটফর্মের মাধ্যমেও চলচ্চিত্র জমা দেওয়ার সুযোগ থাকছে।
আয়োজক অলিভ আহমেদ জানান, আগামী বছরের শুরুতে নিউইয়র্কে উৎসবটি অনুষ্ঠিত হবে। শিগগিরই উৎসবের নির্দিষ্ট তারিখ ও ভেন্যু ওয়েবসাইট এবং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
উল্লেখ্য, ২০২৫ সালে প্রথমবারের মতো আয়োজন করা হয় নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল। এবারের দ্বিতীয় আসর আয়োজন করবে রক পেপার সিজার এন্টারটেইনমেন্ট। এতে যৌথ সহযোগিতায় থাকছে প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিও। সার্বিক সহযোগিতা করবে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)।