ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩১ বার পঠিত | পড়ুন মিনিটে
রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বিপজ্জনক পর্যায়ে পৌঁছায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট তৃতীয়বারের মতো খুলে দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে কাপ্তাই লেকে পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল। পানি বাড়তে থাকায় রাঙামাটির বিভিন্ন এলাকায় বাড়িঘর প্লাবিত হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাঁধের জলকপাট খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, লেকের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুটে রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে।
কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। সম্ভাব্য দুর্যোগ ও অতিরিক্ত পানি বৃদ্ধির ঝুঁকি এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পানি নিষ্কাশন করা হচ্ছে।