নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩১ বার পঠিত | পড়ুন মিনিটে
ফেনীর ছাগলনাইয়ায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পুরাতন মুহুরীগঞ্জের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান জানান, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। পরে সেটিকে একটি লং ভেহিক্যালের সঙ্গে বেঁধে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।
এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি বাস কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনায় আরও একজন আহত হন।
আহত ব্যক্তিকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।