জেলা প্রতিনিধি | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪১ বার পঠিত | পড়ুন মিনিটে
ঢাকা থেকে জয়পুরহাট যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। এ ঘটনায় এক নারী পথচারী গুরুতর আহত হয়েছেন। তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বড় ব্রিজের পূর্ব পাশে হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি ওই এলাকায় পৌঁছালে এক পথচারী রাস্তা পার হচ্ছিলেন। তাঁকে বাঁচাতে গিয়ে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়ক থেকে ছিটকে ধানক্ষেতে পড়ে যায়।
দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী হাঁটু ও দুই পায়ে আঘাত পান। তাঁর স্ত্রী নাজমা বেগম অক্ষত রয়েছেন। গাড়ির চালকও আহত হয়েছেন।
পরে স্থানীয় লোকজন ও পথচারীরা প্রতিমন্ত্রীসহ আহতদের উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসা শেষে প্রতিমন্ত্রীকে জয়পুরহাটের কালাই পৌর শহরের নিজ বাড়িতে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।
দুর্ঘটনার বিষয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, ‘দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। রাস্তা থেকে গাড়িটি ফসলের মাঠে পড়ে গিয়ে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকে। এতে হাঁটু ও দুই পায়ে ব্যথা পেয়েছি।’
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, জয়পুরহাটে যাওয়ার পথে এক পথচারী রাস্তা পার হওয়ার সময় তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে সহায়তা করে।
ওসি জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন। তবে এক নারী পথচারী গুরুতর আহত হয়েছেন এবং তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, প্রতিমন্ত্রী আব্দুল বারী জয়পুরহাটে দুই দিনের সরকারি সফরে যাচ্ছিলেন।