নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে
বিশ্ব ইজতেমার আগামী আসরের প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি আয়োজনের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের কারণে এক বছর তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়নি। আজ দুই পক্ষের একটি পক্ষ মাওলানা সাদপন্থিদের সঙ্গে আলোচনা হয়েছে। এর আগে জুবায়েরপন্থি হিসেবে পরিচিতদের সঙ্গেও কথা হয়েছে। তাদেরও বলা হয়েছিল, সরকার দুই পক্ষের সঙ্গেই আলোচনা করবে।
তিনি বলেন, ‘সবার সঙ্গে আলোচনা করে ৮ থেকে ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজনের প্রস্তাব রাখা হয়েছে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আরও আলোচনা করা হবে। সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হলো শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। কোনো ধরনের সংঘর্ষ যাতে না ঘটে, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এর আগে ইজতেমাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হতাহতের ঘটনাও ঘটেছে। তাই সবকিছু বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি। এ মুহূর্তে এর বেশি কিছু বলা সম্ভব নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুবায়েরপন্থিদের দাবি হলো, প্রথম ও দ্বিতীয় পর্বের ইজতেমা তারা আয়োজন করতে চান। অন্যদিকে সাদপন্থিদের দাবি, রমজানের আগে এবং ওই দুই পর্বের পরবর্তী সময়ে একটি পর্বে ইজতেমা আয়োজনের সুযোগ দেওয়া হোক। অথবা নভেম্বরের শেষ দিকে প্রস্তাবিত দুই পর্ব শুরুর আগেই তারা ইজতেমা করতে চান।
মাওলানা সাদ সাহেবের বাংলাদেশে আসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্মীয় বিষয় হওয়ায় এটি ধর্ম মন্ত্রণালয় দেখবে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে। বিষয়টি ভিসানীতি অনুযায়ী বিবেচনা করা হবে। এ বিষয়ে এখনো চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়। ভিসানীতি অনুযায়ী যেভাবে ক্লিয়ারেন্স নিতে হয়, সেভাবেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিষয়টি দেখা হবে।